বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে দেশে নেওয়ার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের কর্মসূচিতে উপস্থিত অতিথিদের একাংশ
অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের কর্মসূচিতে উপস্থিত অতিথিদের একাংশ

যথাযোগ্য মর্যাদা ও ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে কানাডার অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ১৫ আগস্ট সকালে কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মিজানুর রহমান বাংলাদেশ হাউসে জাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে শোক দিবসের কর্মসূচি শুরু করেন। এ সময় দূতাবাসের কূটনীতিক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জাতীয় শোক দিবসের কর্মসূচির মধ্যে ছিল বিশেষ দোয়া ও আলোচনা সভা। অটোয়ার রিচলিউ ভ্যানিয়ার কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মিজানুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা-২ আসনের সাংসদ ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফ ও বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) সদস্য উজ্জ্বল বিকাশ দত্ত। অটোয়া, মন্ট্রিয়েল, টরন্টো, ক্যালগেরি, হ্যামিলটনসহ কানাডার বিভিন্ন শহরের বাংলাদেশি কমিউনিটি সদস্যরা এতে যোগ দেন।
সভার শুরুতে বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেওয়া বাণী পাঠ করেন যথাক্রমে হাইকমিশনের মিনিস্টার নাইম উদ্দিন আহমেদ, প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) মো. সাখাওয়াত হোসেন, প্রথম সচিব (বাণিজ্যিক) দেওয়ান মাহমুদুল হক ও প্রথম সচিব (রাজনৈতিক) মো. আলাউদ্দিন ভূঁইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দূতাবাসের প্রথম সচিব (কনস্যুলার) অপর্ণা রানি পাল। পরে
বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর নির্মিত তথ্যচিত্র ‘বঙ্গবন্ধু সরকারের সাড়ে তিন বছর’ প্রদর্শন করা হয়।
এর পর বঙ্গবন্ধুর জীবন, রাজনৈতিক আদর্শ ও সংগ্রামসহ বহুমাত্রিক এ ব্যক্তিত্বের বিভিন্ন দিক নিয়ে বিস্তৃত আলোচনা হয়। আলোচনায় অংশ নেন ক্যালগেরি থেকে আগত প্রকৌশলী আবদুল্লাহ রফিক, মুক্তিযোদ্ধা ও কৃষিবিদ অধ্যাপক কবির হোসেন তরফদার, কানাডা আওয়ামী লীগের তোফাজ্জল আলী, মতিন মিয়া, ইসরাত জুবেরী সেলিম, গোলাম মুহিবুর রহমান,
মুন্সী বশীর, আলী আহাম্মদ, মুক্তিযোদ্ধা
এ বি এম বশীর উদ্দীন, মুক্তিযোদ্ধা ফণীন্দ্র ভট্টাচার্য প্রমুখ।
সভায় হাইকমিশনার মিজানুর রহমান বলেন, বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে দুর্ভাগ্যের ও শোকাবহ দিন ১৫ আগস্ট। তিনি এ সময় এ শোককে শক্তিতে রূপান্তর করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
ঘাতক নূর চৌধুরীকে কানাডা থেকে দেশে ফেরত পাঠিয়ে বিচারের মুখোমুখি করতে সরকারের সংকল্পের আলোকে মিশনের দৃঢ় অবস্থান ব্যক্ত করে তিনি বলেন, এ ভয়াবহ খুনিকে দেশে ফেরত পাঠাতে বাংলাদেশ হাইকমিশন দৃঢ় প্রতিজ্ঞ। এ জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি কানাডার
জন প্রতিনিধিদের ওপর চাপ অব্যাহত
রাখতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান তিনি।