বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে দেশে ফেরত পাঠানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ৫ জুন কানাডার পার্লামেন্ট ভবনের সেন্টার ব্লকের পার্লামেন্টারি রেস্তোরাঁয় নৈশভোজে ফেডারেল পার্লামেন্টের ১৯ জন সদস্য অংশ নেন
বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ৫ জুন কানাডার পার্লামেন্ট ভবনের সেন্টার ব্লকের পার্লামেন্টারি রেস্তোরাঁয় নৈশভোজে ফেডারেল পার্লামেন্টের ১৯ জন সদস্য অংশ নেন

কানাডায় পালিয়ে থাকা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে দেশে ফেরত পাঠানোর জোর দাবি জানানো হয়েছে। কানাডার ১৯ জন প্রভাবশালী পার্লামেন্ট সদস্যের কাছে এই দাবি জানান এ দেশে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মিজানুর রহমান। এ সময় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং গণতন্ত্র, নারী উন্নয়ন ও মানবাধিকার সংরক্ষণে বাংলাদেশ-কানাডা সর্বাত্মক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।
অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ৫ জুন কানাডার পার্লামেন্ট ভবনের সেন্টার ব্লকের পার্লামেন্টারি রেস্তোরাঁয় আয়োজিত নৈশভোজে ফেডারেল পার্লামেন্টের ১৯ জন সদস্য অংশ নেন। কানাডার সরকার ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে অব্যাহত আলাপ-আলোচনার অংশ হিসেবে এই নৈশভোজের আয়োজন করা হয়।
নৈশভোজ সভায় উপস্থিত ছিলেন কানাডার পার্লামেন্টের সরকারি হিসাবসংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান ব্যাটল রিভার-ক্রফোর্ড ও আলবার্টা থেকে নির্বাচিত কেভিন সোরেনসন, অটোয়ার বার হেভেন-নেপিয়েন থেকে নির্বাচিত চন্দ্রা আরিয়া, ব্রোসার্ড-সেন্ট ল্যাম্বার্ট-কুইবেক থেকে নির্বাচিত আলেকজান্ড্রা মেনডেস, ইউনিপেগ সাউথ থেকে নির্বাচিত এবং নারী অধিকারবিষয়ক পার্লামেন্টারি সেক্রেটারি-টেরি ডুগুইড, টরন্টোর বাঙালি-অধ্যুষিত বিচেস-ইস্ট ইয়র্ক থেকে নির্বাচিত এবং কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান নাথানিয়েল এরস্কাইন স্মিথ, ব্রিটিশ কলাম্বিয়ার ভ্যাংকুভার-কোয়াড্রা থেকে নির্বাচিত জয়েস মুররে, অন্টারিওর কিচেনার থেকে নির্বাচিত কনজারভেটিভ নেতা হ্যারল্ড অলব্রখট, উইনিপেগ সেন্টার থেকে নির্বাচিত রবার্ট ফ্যালকন উলেট, কুইবেকের ভিমি থেকে নির্বাচিত ইভা নাসিফ, সাস্কাচুয়ান ওয়েস্ট থেকে নির্বাচিত এনডিপি নেত্রী শেরি বেনসন, অন্টারিওর মিসিসাগা এরিন মিলস থেকে নির্বাচিত ইকরা খালিদ, টরন্টোর স্ক্যারবোরো সেন্টার থেকে নির্বাচিত সালমা জাহিদ, মন্ট্রিয়েলের ডোরভাল-লাসাল থেকে নির্বাচিত অঞ্জু ধিলন, সাস্কাচুয়ানের শেরউড পার্ক ফোর্ট থেকে নির্বাচিত গারনেট জিনাস, অন্টারিওর ব্র্যাম্পটন থেকে নির্বাচিত রমেশ সাংঘা, রিচমন্ড হিল থেকে নির্বাচিত মাজিদ জৌহারি, স্ক্যারবোরো নর্থ থেকে নির্বাচিত শন চেন, টরন্টোর ডন ভ্যালি ইন্ট থেকে নির্বাচিত ইয়াসমিন রতনসি ও কুইবেকের শ্যাতোগে-ল্যাকোল থেকে নির্বাচিত ব্রেন্ডা শ্যানাহান।
সভায় বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার নাঈম উদ্দিন আহমেদ, প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) মো. সাখাওয়াত হোসেন, প্রথম সচিব (বাণিজ্যিক) দেওয়ান মাহমুদ, প্রথম সচিব (রাজনৈতিক) মো. আলাউদ্দিন ভূঁইয়া এবং প্রথম সচিব (কনস্যুলার) অপর্ণা রানী পাল সভায় উপস্থিত ছিলেন।
সভার শুরুতেই বাংলাদেশ-কানাডা সামগ্রিক দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর একটি প্রবন্ধ উপস্থাপন করেন কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মিজানুর রহমান। প্রবন্ধের ওপর উত্থাপিত নানা প্রশ্নের উত্তর দেন তিনি। প্রবন্ধে হাইকমিশনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের অর্জিত অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধি, জাতিসংঘের এমডিজি লক্ষ্যমাত্রা অর্জনে সাফল্য, নারীর ক্ষমতায়ন ও অধিকার রক্ষা, বিদ্যুৎ ও জ্বালানি খাতে অগ্রগতি, সড়ক-বন্দর ও অন্যান্য অবকাঠামো খাতে উন্নয়ন এবং অর্থনৈতিক অগ্রগতি অর্জনে রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নের দ্বারা বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তোলায় সরকারের নানামুখী উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, ১০ বছর ধরে অব্যাহতভাবে ৬ শতাংশের ওপর প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল, যা জাতিসংঘসহ বিশ্বব্যাপী স্বীকৃত ও প্রশংসিত।
আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বর্তমান সরকারের অনুসৃত নীতিমালার উল্লেখ করে মিজানুর রহমান বলেন, একটি পূর্ণাঙ্গ গ্রহণযোগ্য ও প্রচলিত আইনে বাংলাদেশে বিচারের মাধ্যমে বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার সম্পন্ন হয়েছে। দেশের সর্বোচ্চ আদালতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত খুনি নুর চৌধুরী দীর্ঘদিন ধরে পালিয়ে কানাডায় অবস্থান করছেন। ন্যায়বিচারের স্বার্থে তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানোর জোর দাবি জানিয়ে তিনি সভায় উপস্থিত কানাডার পার্লামেন্ট সদস্যদের সমর্থন কামনা করেন। হাইকমিশনার বলেন, কানাডা বা পৃথিবীর কোনো রাষ্ট্রই একটি দেশের জাতির জনকের খুনির জন্য নিরাপদ আবাসস্থল হতে পারে না।
সভায় বক্তৃতা করেন কানাডার সরকারি হিসাবসংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান কেভিন সোরেনসন, চন্দ্রা আরিয়া, টেরি ডুগুইড, জয়েসমুররে, আলেকজান্ড্রা মেনডেস ও কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান নাথানিয়েল এরস্কাইন স্মিথ। বক্তারা আশা প্রকাশ করেন, কানাডা-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে। বঙ্গবন্ধুর খুনিকে ফেরত পাঠানোর বিষয়ে বিশদ আলোচনার জন্য তাঁরা হাইকমিশনারের উদ্যোগকে স্বাগত জানান এবং এ বিষয়ে তাঁদের সচেতনতা আরও সমৃদ্ধ হয়েছে বলে মন্তব্য করেন। আইনের মধ্যে থেকে তাঁরা এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।
বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের সুযোগসংক্রান্ত একটি সংক্ষিপ্ত প্রবন্ধ উপস্থাপন করেন দূতাবাসের প্রথম সচিব (বাণিজ্যিক) দেওয়ান মাহমুদ। প্রবন্ধে বাংলাদেশে চলমান অবকাঠামোগত উন্নয়নসহ ২২টি বিশেষ অর্থনৈতিক জোনে বিনিয়োগে কানাডীয় কোম্পানিগুলোকে উদ্বুদ্ধ করার বিষয়টি বিশেষভাবে উঠে আসে।