বছরে ১০০ সিংহশাবক
ভারতের গুজরাটের গির অভয়ারণ্য ও আশপাশের এলাকায় গত কয়েক দিনে ১০০টি সিংহশাবকের দেখা মিলেছে। এক বছরে সিংহশাবকের সংখ্যার শতক ছোঁয়ার বিষয়টিকে বড় ধরনের সাফল্য হিসেবে দেখছেন বন কর্মকর্তারা।
বন বিভাগ এই সাফল্যের কৃতিত্ব দিচ্ছে অভয়ারণ্যের আশপাশের গ্রামের বাসিন্দা ও বনকর্মীদের।
বর্তমানে বিশ্বে বন্য এশিয়াটিক সিংহের একমাত্র অভয়ারণ্য গির। এখানে প্রতিবছর ৮০ থেকে ৮৫টি সিংহশাবক দেখা যায়। গবেষণায় দেখা যায়, জন্মের তৃতীয় বছরে গিয়ে শাবকগুলোর মাত্র ৫৬ শতাংশ টিকে থাকে।
২০১০ সালের শুমারি অনুযায়ী গির অভয়ারণ্যে ৪১১টি সিংহ ছিল। এর মধ্যে সিংহ ৯৭টি, সিংহী ১৬২টি ও শাবক ১৫২টি। ২০০৫ সালে পরিণত বয়সের সিংহ ছিল ৪৮ শতাংশ, ২০১০ সালে যা বেড়ে দাঁড়ায় ৬২ শতাংশে।
গুজরাটের প্রধান বন সংরক্ষক সিএন পাণ্ডে বলেন, ‘প্রতিবছর শাবকের সংখ্যা বৃদ্ধির বিষয়টি আমাদের নজরে এসেছে। এটা সম্ভব হয়েছে অভয়ারণ্যের আশপাশের গ্রামের মানুষজন ও বনকর্মীদের অসাধারণ সহযোগিতার কারণে।’ বন কর্মকর্তা পাণ্ডে জানান, অসুস্থ সিংহশাবক দেখলেই স্থানীয় লোকজন বনকর্মীদের খবর দিতেন। বনকর্মীরা তখন অসুস্থ শাবকগুলো উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করতেন। এটা শাবকের মৃত্যুর হার কমিয়েছে। টাইমস অব ইন্ডিয়া।