বছরে ৭৬ কোটি টাকার মুদ্রা উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেনাকাটার আগে চলে হিসেব-কিতেব। ঘরের সোফায় আর গাড়ির সিটে চলে গাঁটের টাকা-পয়সা গোনা। এ সময় হাত ফসকে কোনো মুদ্রা চলে যেতে পারে সোফা বা সিটের পেছনে দুই কুশনের ফাঁক গলে। পড়ে থাকতে পারে ওভাবেই। এভাবে প্রতিবছর কত মুদ্রা খোয়া যায়?

আজ বৃহস্পতিবার এএফপির খবরে জানানো হয়, অস্ট্রেলিয়ার টাঁকশাল রয়াল অস্ট্রেলিয়ান মিন্টের তথ্যমতে, প্রতিবছর সোফা বা গাড়ির আসনের ফাঁকে আটকে ২৫ কোটি ৫০ লাখ মুদ্রা খোয়া যায়, যার মূল্যমান ১০ কোটি মার্কিন ডলারের বেশি। বাংলাদেশি মুদ্রায় তা ৭৬ কোটি ছয় লাখ ৫৭ হাজার টাকা।

টাঁকশালের প্রধান নির্বাহী রস ম্যাকডায়ারমিড সরকারি এক শুনানিতে বলেছেন,  প্রতিবছর তাঁদের ২৫ কোটি ৫০ লাখ মুদ্রা হারিয়ে যায় এবং এর সমপরিমাণ পয়সা পুনরায় বাজারে ছাড়তে হয়।

রস ম্যাকডায়ারমিড সিনেট কমিটিকে গত মঙ্গলবার রাতে বলেন, ‘আমরা বাজারে যে পরিমাণ মুদ্রা ছাড়ি, এর বেশির ভাগই চেয়ারের গদি বা গাড়ির আসনে আটকে থাকে। এমনকি ময়লার ঝুড়িতে বা বিদেশেও চলে যায় অনেক মুদ্রা।’

তিনি বলেন, ‘অনেকে দীর্ঘ দিন ধরে দেরাজে বা কৌটায় মুদ্রা জমিয়ে রাখে। এগুলোর বিকল্প মুদ্রা তৈরি করতে হয় টাঁকশালে।’

প্রতিবছর ২৫ কোটি ৫০ লাখ মুদ্রা তৈরি করতে কী পরিমাণ খরচ হয়, তা জানাতে পারেনি মুদ্রা প্রস্তুতকারী প্রতিষ্ঠান। তবে নিকেল ও তামার প্রায় ৫০০ কোটি মুদ্রা তৈরি করতে হয়।