অস্ট্রেলিয়ায় গতকাল শনিবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী কেভিন রাডের দলকে বড় ব্যবধানে হারিয়ে বিজয়ী হয়েছে বিরোধী নেতা টনি অ্যাবটের দল। ভোটের এ ফলাফল আগেই অনুমান করা গিয়েছিল জনমত জরিপগুলো থেকে।
গতকাল রাতে প্রায় ৯০ শতাংশ ভোট গণনা শেষে নির্বাচন কমিশন জানায়, প্রতিনিধি পরিষদের মোট ১৫০টি আসনের মধ্যে টনি অ্যাবটের রক্ষণশীল লিবারেল ন্যাশনাল জোট ৯০টির বেশি আসন পেতে যাচ্ছে। আর কেভিন রাডের লেবার দল ৫৫টি আসন পেতে পারে।
এর আগে পরাজয় মেনে নিয়ে কেভিন রাড ঘোষণা দেন, লেবার দলের নেতৃত্বের জন্য তিনি ভবিষ্যতে আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না।
আর বিজয়ী নেতা টনি অ্যাবট সিডনিতে সমর্থকদের উদ্দেশে এক ভাষণে বলেন, ‘আমি ঘোষণা দিচ্ছি, আজ থেকে অস্ট্রেলিয়ায় নতুন ব্যবস্থাপনা চালু হলো এবং এ দেশ ব্যবসার জন্য উন্মুক্ত।’ দেশের বাজেটকে উদ্বৃত্ত বাজেটে পরিণত এবং এশিয়া থেকে নৌকায় করে অভিবাসীদের আগমন বন্ধ করার ঘোষণা দেন তিনি।
এবারের নির্বাচনী প্রচারণা ছিল অনেকটা নাটকীয়। নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে কেভিন রাড প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা হিসেবে জুলিয়া গিলার্ডের স্থলাভিষিক্ত হন। নির্বাচনের মূল ইস্যুগুলোর মধ্যে ছিল দেশের অর্থনীতি, বিশেষ করে নৌকায় করে আসা শরণার্থী ও কার্বন কর।
জুলিয়া গিলার্ডকে গত জুন মাসে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার পর নির্বাচন আহ্বান করেন কেভিন রাড। তবে আগের জনমত জরিপগুলোতেও নির্বাচনে লেবার পার্টি ধরাশায়ী হবে বলে আভাস পাওয়া গিয়েছিল। এএফপি ও বিবিসি।