বড়দিন হাসপাতালেই কাটালেন ম্যান্ডেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ও বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার এবারের বড়দিন হাসপাতালেই কাটল। প্রায় দুই সপ্তাহ আগে ফুসফুসে সংক্রমণের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সেরে উঠছেন তিনি। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা গতকাল মঙ্গলবার খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান উৎসব বড়দিনে ম্যান্ডেলাকে দেখতে হাসপাতালে যান। সেখানে তিনি ম্যান্ডেলার সঙ্গে শুভেচ্ছাবিনিময় করেন। পরে জুমা এক বিবৃতিতে জানান, ম্যান্ডেলা ধীরে ধীরে সেরে উঠছেন। তাঁর শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। উন্নতির গতিতে চিকিৎসকেরা সন্তোষ প্রকাশ করেছেন।৯৪ বছর বয়সী ম্যান্ডেলা প্রিটোরিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁকে কবে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে, সে ব্যাপারে কোনো সিদ্ধান্তের কথা জানাতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে ১৯৯৪ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। বর্ণবাদবিরোধী আন্দোলন করতে গিয়ে ২৭ বছর কারাভোগ করতে হয় অবিসংবাদিত এই নেতাকে। রয়টার্স ও বিবিসি।