বড়দিনেও চোখের পানি ঝরছে!
‘বড়দিনেও অনেকের চোখের পানি ঝরছে’ বলে মন্তব্য করেছেন খ্রিষ্টানদের শীর্ষ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তিনি বিশ্বব্যাপী চলমান সহিংসতার কঠোর নিন্দা জানিয়েছেন। এ ছাড়াও শিশুদের ওপর নির্যাতন ও পাচারের কঠোর নিন্দা জানিয়ে তা বন্ধে আহ্বান জানিয়েছেন তিনি।
ক্রিসমাস বা বড়দিন উপলক্ষে ইতালির রাজধানী রোমের সেন্ট পিটার্স বাসিলিকা গির্জায় সমবেত মানুষের উদ্দেশে এ মন্তব্য করেন পোপ ফ্রান্সিস।
বার্তা সংস্থা এএফপির খবরে আজ বৃহস্পতিবার বলা হয়েছে, পোপ হওয়ার পর এটি তার দ্বিতীয় বড় দিন। পোপের বার্ষিক ‘উরবি এট অরবি’ (শহর ও বিশ্বের প্রতি) ভাষণ শুনতে হাজার হাজার অনুসারী বাসিলিকা গির্জায় জড়ো হন। ৭৮ বছর বয়সী এই আর্জেন্টাইন মধ্যাপ্রাচ্য ও নাইজেরিয়ায় হত্যা ও জিম্মি ঘটনার নিন্দা জানান।
ইউক্রেন-লিবিয়ার সংঘাতমূলক পরিস্থিতি এবং পাকিস্তানে স্কুলে বর্বরোচিত তালেবান হামলায় শিশুসহ ১৪৯ জন নিহত এবং পশ্চিম অফ্রিকায় ইবোলা ভাইরাসে আক্রান্ত মানুষের কথা উল্লেখ করে পোপ বলেন, ‘এই বড়দিনেও অনেকের চোখের পানি ঝরছে।’ তিনি জন্মের আগে শিশু হত্যা অর্থাৎ ভ্রূণ হত্যার সমালোচনা করেন।
ইউক্রেনবাসীর প্রতি আহ্বান জানিয়ে পোপ বলেন, সহিংসতা ও বিদ্বেষকে পরাভূত করে ভ্রাতৃত্বের জয় সবখানে ছড়িয়ে দিতে হবে। তিনি বলেন, জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) আক্রমণের মুখে ইরাক ও সিরিয়ার বিভিন্ন অংশ থেকে পালিয়ে যাওয়া খ্রিষ্টানরা শরণার্থী হিসেবে আশ্রয় নিচ্ছে। এসব মানুষের দুর্দশার কথা তুলে ধরে তিনি বলেন, ইরাক-সিরিয়ার মতো নাইজেরিয়ায়ও অসংখ্য মানুষ জিম্মি রয়েছে অথবা গণহত্যার শিকার হচ্ছে। সেখানকার মানুষ কঠিন এবং মানবেতর জীবন যাপন করছে। এসব সহিংসতা নিন্দনীয়। এসব সংকট নিরসনে সৃষ্টিকর্তার সহায়তা কামনা করেন তিনি। মধ্যপ্রাচ্যে শান্তির জন্য তিনি ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সংলাপে গুরুত্ব আরোপ করেন।