বতসোয়ানায় সম্পদে উত্তরাধিকারের স্বীকৃতি মিলল নারীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বতসোয়ানার উচ্চ আদালত পরিবারের সম্পদে দেশটির নারীদের উত্তরাধিকার রয়েছে বলে গতকাল শুক্রবার রায় ঘোষণা করেছেন। দেশটির প্রচলিত রীতি অনুযায়ী, পারিবারিক সম্পদে নারীর অধিকার স্বীকৃত নয়। কিন্তু এ রীতি দেশের সংবিধানের সঙ্গে অসংগতিপূর্ণ বলে রায় ঘোষণা করেন আদালত। রাজধানী গ্যাবোনে উচ্চ আদালতের বিচারক কে ডিঙ্গাকে এক মামলার রায়ে বলেন, সম্পত্তিতে নারীদের উত্তরাধিকার না থাকার রীতিটি সংবিধানের পরিপন্থী। কারণ, সংবিধানে নারী-পুরুষনির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। তাই সম্পত্তিতে নারীদের উত্তরাধিকার দিতে হবে। এডিথ এমমুসি নামের এক নারী ও তাঁর তিন বোন তাঁদের বাড়ির অধিকার পেতে আদালতের দ্বারস্থ হলে বিচারক ডিঙ্গাকে এ রায় দেন। ওই নারীদের এক ভাতিজা নিজেকে তাঁদের পারিবারিক বাড়িটির একমাত্র বৈধ মালিক বলে দাবি করলে বোনেরা আদালতে যান। বিবিসি।