বদলে গেল লেবার পার্টি

কট্টর বাম নীতির ধারক বলে পরিচিত জেরেমি করবিন যুক্তরাজ্যে প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতা নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গেই দলটি যেন আমূল বদলে গেল।
নতুন নেতার প্রতি বিদ্রোহ করে ছায়া মন্ত্রীর পদ থেকে বিদায় নিয়েছেন মধ্যপন্থী ১১ এমপি। আর করবিন তাঁর নতুন ছায়া মন্ত্রিসভায় ইতিমধ্যে যাঁদের নাম ঘোষণা করেছেন তাঁদের মধ্যে বামপন্থীদেরই আধিক্য বেশি।
ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখা করবিন পুঁজিবাদবিরোধী জন ম্যাকডোনেলকে ছায়া অর্থমন্ত্রীর পদে নিয়োগ দিয়েছেন। কট্টর বামপন্থী ম্যাকডোনেল করবিনের নির্বাচনী প্রচার সমন্বয়ক ও ঘনিষ্ঠ বন্ধু। তিনি সরকারের ব্যয় কর্তন নীতির তীব্র বিরোধী। করবিন যে বামপন্থী নীতি থেকে সরে আসবেন না, অর্থমন্ত্রী পদে ম্যাকডোনেলের নিয়োগ সেই বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
নেতা নির্বাচনে অন্যতম প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহামকে ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী (শ্যাডো হোম সেক্রেটারি) হিসেবে দায়িত্ব দিয়েছেন করবিন। তিনি আগে ছায়া স্বাস্থ্যমন্ত্রীর (শ্যাডো হেলথ সেক্রেটারি) দায়িত্বে ছিলেন। ওই পদে বার্নহামের স্থলাভিষিক্ত হয়েছেন হেইডি অ্যালেকজান্ডার।
নেতা নির্বাচনের অপর দুই প্রতিদ্বন্দ্বী ইভেট কুপার এবং লিজ ক্যান্ডেল করবিনের অধীনে ছায়া মন্ত্রিসভায় কাজ করতে অস্বীকৃতি জানিয়েছেন। কুপার স্বরাষ্ট্রমন্ত্রী ও ক্যান্ডেল ছায়া স্বাস্থ্য প্রতিমন্ত্রী (শ্যাডো পাবলিক হেলথ মিনিস্টার) ছিলেন।
ক্যামেরন সরকারের যুদ্ধনীতির প্রতি সন্দিহান হিলারি বেন ছায়া পররাষ্ট্রমন্ত্রীর (শ্যাডো ফরেন সেক্রেটারি) পদে বহাল রয়েছেন। করবিনের সঙ্গে সমঝোতার ভিত্তিতে সাবেক ছায়া বাণিজ্যমন্ত্রী (শ্যাডো বিজনেস সেক্রেটারি) চুকা উমুন্না পদ থেকে সরে দাঁড়ান। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন বামপন্থী বলে পরিচিত এঙ্গেলা ইগল। একই সঙ্গে তিনি ছায়া মুখ্যসচিবের (শ্যাডো ফার্স্ট সেক্রেটারি অব স্টেইট) দায়িত্ব পালন করবেন এবং পার্লামেন্টে করবিনের অনুপস্থিতিতে প্রশ্নের মোকাবিলা করবেন।
চিফ হুইপ হিসেবে বহাল আছেন সাবেক প্রতিমন্ত্রী রোজি উন্টারটন। এ ছাড়া লর্ড ফ্যালকন, ডায়ান অ্যাবোট, ভারতীয় বংশোদ্ভূত সিমা মালহোত্রা, লুস পাওয়েল ও ক্রিস ব্রায়ান্ট করবিনের ছায়ামন্ত্রী সভায় স্থান পেয়েছেন। আরও নয়টি পদে নিয়োগ বাকি রয়েছে।
করবিনের প্রতি বিদ্রোহ করে ছায়া মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা অন্যান্য এমপিরা হলেন সাবানা মাহমুদ, এমা রেনলড, ম্যারি ক্রেগ, ট্রিসটাম হান্ট, র্যাসেল রিভ ও ক্রিস লেজলি প্রমুখ।
৬৬ বছর বয়সী করবিন তাঁর নিজ দলেই এত দিন বিদ্রোহী বলে চিহ্নিত ছিলেন। যুদ্ধ ও পারমাণবিক অস্ত্রবিরোধী এই নেতা ব্রিটিশ পররাষ্ট্রনীতির কড়া সমালোচক। ৩৩ বছরের এমপি জীবনে তিনি অন্তত পাঁচ শ বারের বেশি নিজ দল লেবার পার্টির বিরুদ্ধে পার্লামেন্টে ভোট দিয়েছেন। কট্টর বামনীতির কারণে করবিন কখনো মন্ত্রিসভা বা ছায়ামন্ত্রীর দায়িত্ব পালনের সুযোগ পাননি। পেছন সারির এমপি সেই করবিনই দলের সদস্যদের বিপুল ভোটে লেবার দলের নেতা নির্বাচিত হন গত শনিবার। করবিন রক্ষণশীল ক্যামেরন সরকারের আনা শ্রমিক সংঘ বিল (ট্রেড ইউনিয়ন বিল) ও কল্যাণ ব্যয় কর্তন বিলের বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। কিন্তু এতকাল দলের সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহ করা করবিন কীভাবে নিজ এমপিদের বিদ্রোহ সামাল দেন তাঁর ওপরই নির্ভর করছে সফলতা।