বদলে দেওয়া হলো তাদের নাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা-বাবা তাদের ‘নাকুশা’ নামে ডাকতেন। যার অর্থ ‘অনাকাঙ্ক্ষিত’। ছেলেসন্তানপ্রত্যাশী মা-বাবার কাছে হয়তো এসব মেয়েসন্তান ছিল অনাকাঙ্ক্ষিত। এ জন্যই তাদের এ নাম রাখা হয়েছিল। তবে এখন আর তাদের ওই নাম বয়ে বেড়াতে হবে না। আনুষ্ঠানিকভাবে তাদের নাম বদলে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রে।গত শনিবার মহারাষ্ট্রে এক অনুষ্ঠানে ২০০ জনেরও বেশি ভারতীয় মেয়ের নাম বদলে দেওয়া হয়।রাজ্যের প্রত্যন্ত সাতারা জেলার এ অনুষ্ঠানে যোগ দিয়ে শত শত মানুষ লিঙ্গভিত্তিক বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার করে।পরিসংখ্যানে দেখা যায়, ভারতের স্বাধীনতার পর থেকে প্রতি দশকে দেশটিতে লিঙ্গভিত্তিক ভারসাম্যহীনতা বাড়ছে।২০১১ সালের পরিসংখ্যানে দেখা যায়, ভারতে ছয় বছরের নিচে প্রতি এক হাজার ছেলের বিপরীতে মেয়ের সংখ্যা ৯১৪। আর ২০০১ সালের জরিপে এক হাজার ছেলের বিপরীতে মেয়ের সংখ্যা ছিল ৯২৭।ভারতে এখনো অনেক মা-বাবা ভ্রূণ অবস্থায় মেয়েশিশু হত্যা করে থাকেন। যদিও আলট্রাসাউন্ড স্ক্যানের ওপর ভিত্তি করে লিঙ্গ নির্ধারণ করে গর্ভপাত করা ভারতে নিষিদ্ধ। ছেলেসন্তানকে এখনো অনেকে ভবিষ্যতের অর্থ উপার্জনকারী হিসেবে বিবেচনা করে থাকেন।ভারতের সেসব এলাকায় নারীর সংখ্যা তুলনামূলকভাবে কম, সাতারা জেলা সেসব এলাকাগুলোর অন্যতম। সাতারায় প্রতি এক হাজার পুরুষের বিপরীতে নারীর সংখ্যা ৮৮০।স্থানীয় সরকার বলছে, তারা মেয়েশিশুর প্রতি নেতিবাচক মনোভাবের বিরুদ্ধে লড়াই করতে চায়। অনেক ক্ষেত্রেই পরিবারগুলো মেয়েশিশুদের বোঝা হিসেবে বিবেচনা করে। কারণ, মেয়েদের বিয়ের সময় যৌতুক দিতে হয়।অনুষ্ঠানে এক বছর থেকে ২০ বছর বয়সী ২৮৫ জন মেয়ের নাম বদলে দেওয়া হয়। তাদের মধ্যে ১৫ বছর বয়সী এক মেয়ে তার নতুন নাম বেছে নেয় ‘আশমিতা’। এক মেয়ে নিজের নাম পছন্দ করে ঐশ্বর্য। বিবিসি, এপি।