বদলে যাচ্ছে মার্কিন নাগরিকদের স্বপ্ন
বিশ্বের বহু মানুষের স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্রের জনগণের সাধারণ স্বপ্নগুলো বদলে যাচ্ছে সময়ের তালে। ‘আমেরিকান ড্রিম’ বলে পরিচিত স্বপ্নের রং এখন অনেকটাই বিবর্ণ। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের অধিকাংশ মানুষ এখন ধারদেনামুক্ত থেকে নির্ধারিত সময়ে অবসর নিতে পারাটাকেই স্বপ্ন বলে মনে করছে।
‘আমেরিকান ড্রিম’ বলতে বরাবর মনে করা হতো, বাড়ির মালিক হওয়া। সন্তানদের কলেজে পাঠানো। বাড়ির সামনে একটির বদলে দুটি গাড়ি থাকা। কাজকর্মের জন্য একটি, অবসরে পরিবার নিয়ে বেড়ানোর জন্য বড় আরেকটি গাড়ি। অধিকাংশ মার্কিনের মতে, স্বপ্নের আমেরিকা এখন আর আগের অবস্থায় নেই। অর্থনৈতিক স্থবিরতা এবং পরিবর্তিত বিশ্ব বাস্তবতায় স্বপ্নগুলোও বদলে গেছে।
ক্রেডিট ডট কম পরিচালিত এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ২৮ শতাংশ মানুষের আকাঙ্ক্ষা, তারা যেন পর্যাপ্ত সঞ্চয় নিয়ে ৬৫ বছর বয়সে অবসরে যেতে পারে। ২৩ শতাংশের স্বপ্ন ধারদেনামুক্ত অবস্থায় জীবন কাটানো। মাত্র ১৮ শতাংশ লোক এখন বাড়ির মালিক হওয়ার স্বপ্ন দেখে। অথচ বাড়ির মালিক হওয়াই ছিল একসময় ‘আমেরিকান ড্রিমের’ মূল কথা।
যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রারম্ভিক অবস্থায় ভোটাধিকারের জন্য বাড়ির মালিকানা আবশ্যকীয় ছিল। উনিশ শতকের গোড়ার দিকে আইনটির পরিবর্তন হয়। তবে বাড়ির মালিক হওয়ার স্বপ্ন এখনো তাড়া করে এ দেশের মানুষকে। কিন্তু বিশ্বের সবচেয়ে ধনী দেশ যুক্তরাষ্ট্রেও বাড়ির মালিক হওয়া ক্রমেই দুরূহ হয়ে উঠছে। বাড়ি কেনার জন্য ব্যাংক থেকে ঋণ পাওয়া কঠিন হয়ে উঠেছে। ব্যাপক কর্মহীনতা, বার্ষিক আয় ক্রমে কমে যাওয়া, ব্যক্তিগত সঞ্চয়ের অপ্রতুলতা ইত্যাদি যুক্তরাষ্ট্রের মানুষের বাড়ির মালিক হওয়ার স্বপ্নপূরণে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। ইউএসএ টুডে পত্রিকা পরিচালিত আরেক জরিপে দেখা গেছে, ৮১ শতাংশ যুব মার্কিনের কাছে অগ্রাধিকারের বিষয় এখন ধনী হওয়া। ৫১ শতাংশ নিজেকে বিখ্যাত দেখতে চায়। ধনী এবং বিখ্যাত হওয়ার স্বপ্ন ও সাধনা এখনো মার্কিন যুবসমাজের মধ্যে প্রবল। তবে যুক্তরাষ্ট্রের যুবসমাজ এখন দেনার দায়ে জর্জরিত। উচ্চশিক্ষার ঋণসহ বিভিন্ন কারণে শিক্ষাজীবন সমাপ্তির সঙ্গে সঙ্গে গড় মার্কিনের ব্যাংক দেনার পরিমাণ ২৭ হাজার ডলার। চড়া সুদে বাড়ি, গাড়ি কেনার দেনার দায় মেটাতে হচ্ছে অধিকাংশ কর্মজীবীকে।
পর্যাপ্ত সঞ্চয় না থাকায় নির্ধারিত সময়ে অবসরে যাওয়া নিয়ে উৎকণ্ঠিত যুক্তরাষ্ট্রের বেশির ভাগ মানুষ। জরিপের ফল বলছে, প্রতি ছয়জনের মধ্যে একজন বলেছে, জীবনে কখনো তারা দেনামুক্ত হতে পারবে না। ৫৫ শতাংশ উত্তরদাতাই বলেছে, ‘আমেরিকান ড্রিম’ তাদের ধরাছোঁয়ার বাইরেই থেকে যাবে।