বন উজাড় রোধে ব্যবস্থা নিতে হবে: চার্লস
জলবায়ুর পরিবর্তনজনিত বিরূপ প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে বন ধ্বংসে অবশ্যই ব্যবস্থা নিতে হবে বলে সতর্ক করে দিয়েছেন যুক্তরাজ্যের প্রিন্স চার্লস। তিনি বলেন, বৃহৎ অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠানই তাদের পণ্য সরবরাহকারীরা কীভাবে বনভূমির ক্ষতি করছে সেদিকে নজর দেয় না। খবর আইটিভি ডটকমের।
ফ্রান্সের প্যারিসে চলমান বিশ্ব জলবায়ু শীর্ষ সম্মেলন কপ২১-এর অধিবেশনে দেওয়া বক্তৃতায় প্রিন্স চার্লস এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। প্রিন্স অব ওয়েলস চার্লস বলেন, ‘বন উজাড়ের বিরুদ্ধে যদি কিছুই করা না হয়, তবে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ‘প্ল্যান বি’-এর প্রয়োজন নেই।’
বনভূমি রক্ষায় ব্যাপকভিত্তিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে প্রিন্স চার্লস বলেন, ‘বৈশ্বিক উষ্ণতার সব রকমের বিভীষিকাই আমাদের ওপর চড়াও হচ্ছে। তাই বন রক্ষায় ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। ধ্বংস হওয়া থেকে বনকে রক্ষা করা জলবায়ুর পরিবর্তন মোকাবিলার এক গুরুত্বপূর্ণ অংশ।’
বনের ক্ষতি রোধে বিশ্বের কিছুসংখ্যক বৃহৎ প্রতিষ্ঠান তাদের সরবরাহকারীদের মধ্যে পরিবর্তন আনতে সক্ষম হয়েছে উল্লেখ করে প্রিন্স চার্লস বলেন, অনেক বৃহৎ প্রতিষ্ঠান ও তাদের অর্থের জোগানদাতারা এখনো তেমন কিছুই করেনি।