বনেধ বিপর্যস্ত দার্জিলিংয়ের জনজীবন
গত শনিবার থেকে গোর্খা জনমুক্তি মোর্চার ডাকে অনির্দিষ্টকালের বনেধ অচল পশ্চিমবঙ্গের পাহাড়ি জেলা দার্জিলিং। ভারতের কেন্দ্রীয় সরকার অন্ধ্র প্রদেশ ভেঙে তেলেঙ্গানা রাজ্য প্রতিষ্ঠার ঘোষণা দেওয়ার পর পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে এ কর্মসূচি দিয়েছে মোর্চা।অনির্দিষ্টকালের বনেধর জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে দার্জিলিংয়ের জনজীবন। গতকাল বুধবার পর্যন্ত পাঁচ দিন ধরে দোকানপাট, স্কুল-কলেজ বন্ধ ছিল। সরকারি অফিস-আদালত খোলা হলেও কর্মীরা কাজে যোগ দেননি।গতকাল হাজার হাজার মানুষ বিভিন্ন অফিসের সামনে ও সড়কে বিক্ষোভ দেখায় এবং প্রতিবাদ সমাবেশ করে।এদিকে পশ্চিমবঙ্গ সরকার বন্ধ প্রতিহত করার জন্য নিয়োগ করেছে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনী এখন শহর টহল দিচ্ছে। অন্যদিকে পুলিশের ধরপাকড় অভিযান চলছে। পুলিশ গতকাল ৩২ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। এদিকে টানা বনেধর জেরে সিকিম রাজ্যের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। জনমুক্তি মোর্চার হুমকিতে বন্ধ হয়ে গেছে পশ্চিমবঙ্গের নম্বরপ্লেটওয়ালা যানবাহন। এদিকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি একটি জনস্বার্থ মামলার শুনানি শেষে গতকাল নির্দেশ দিয়েছেন, জোর করে বন্ধ নয়; দার্জিলিংয়ের জনজীবন স্বাভাবিক রাখতে হবে। সচল রাখতে হবে অত্যাবশ্যকীয় পরিষেবা।