মানবাধিকার পরিস্থিতি নিয়ে আত্মপক্ষ সমর্থন করে জাতিসংঘে এক বিরল ‘ব্রিফিং’ করেছে উত্তর কোরিয়া। দেশটির মানবাধিকার পরিস্থিতি বিষয়ে বিশ্বসংস্থার এক সাম্প্রতিক প্রতিবেদনের ওপর আলোচনা করতেই এর আয়োজন করে কমিউনিস্ট রাষ্ট্রটি। খবর বিবিসির।
ব্রিফিংয়ে উত্তর কোরীয় একজন কর্মকর্তা তাঁর দেশে শ্রমশিবির চালু থাকার বিষয়টি স্বীকার করেন। তবে তিনি বলেন, বন্দীদের ‘সংশোধন করার’ লক্ষ্যেই এগুলো পরিচালিত। উত্তর কোরিয়ার মানবাধিকার পরিস্থিতি নিয়ে সমালোচনাকে ‘হঠকারী গুজব’ বলে নাকচ করে দেন তিনি।
গত ফেব্রুয়ারিতে জাতিসংঘের এক প্রতিবেদনে অভিযোগ করা হয়, উত্তর কোরিয়া তার নিজ জনগণের বিরুদ্ধে ‘অবর্ণনীয় নিষ্ঠুরতা’ চালাচ্ছে। দেশটির বন্দিশিবিরগুলোতে হাজার হাজার মানুষ বন্দী বলে মনে করা হয়।
সাংবাদিক ও বিদেশি কূটনীতিকদের জন্য উন্মুক্ত ব্রিফিংয়ে চোয়ে মিয়ং ন্যাম নামের সরকারি কর্মকর্তা বলেন, উত্তর কোরিয়ায় কোনো বন্দিশিবির চালু নেই। তবে আটক শিবির রয়েছে, যেখানে মানসিকতার পরিবর্তনের মাধ্যমে আটক ব্যক্তিদের উন্নয়ন করা ও তাঁদের ভুলত্রুটি ধরিয়ে দেওয়া হয়।
ব্রিফিংয়ে উত্তর কোরিয়ার কর্মকর্তারা দেশটির অর্থনৈতিক দুরবস্থার জন্য বহির্দেশীয় শক্তিগুলোকে দায়ী করেন। এর মাধ্যমে দৃশ্যত পিয়ংইয়ংয়ের পরমাণু ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা ঘিরে উত্তর কোরিয়ার ওপর আরোপিত আন্তর্জাতিক অবরোধকেই নির্দেশ করেন।
প্রসঙ্গত, জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছিল, উত্তর কোরিয়ায় ‘পরিকল্পিত, ব্যাপকভিত্তিক ও ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের’ প্রমাণ রয়েছে।