বন্দীদের সাধারণ ক্ষমা করবে উত্তর কোরিয়া
উত্তর কোরিয়ার সরকার দেশের প্রয়াত দুই নেতার জন্মদিন উপলক্ষে কারাবন্দীদের প্রতি এক সাধারণ ক্ষমা করার কথা ঘোষণা করেছে। পিয়ংইয়ংয়ের নতুন নেতা কিম জং-উনের প্রতি অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেছে সে দেশের সেনাবাহিনী। রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানানো হয়।সরকারি বার্তা সংস্থা কেসিএনএ বলেছে, প্রয়াত রাষ্ট্রনেতা কিম জং-ইল ও তাঁর বাবা কিম ইল-সুংয়ের প্রতি সম্মান প্রদর্শন করে আগামী ১ ফেব্রুয়ারি থেকে বন্দীদের প্রতি ওই ক্ষমা দেখানো শুরু হবে। তবে কতজন এ ক্ষমার আওতায় পড়বে, এ ব্যাপারে কোনো তথ্য জানানো হয়নি। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, দেশটির বিভিন্ন রাজনৈতিক বন্দীশিবিরে প্রায় দুই লাখ লোক আটক রয়েছেন। উত্তর কোরিয়া দেশের অভ্যন্তরে রাজনৈতিক বন্দীশিবির আরও বৃদ্ধি করছে বলে গত বছর সংস্থাটি তার এক ধারণার কথা জানায়।কেসিএনএ বলেছে, সাবেক প্রেসিডেন্ট কিম ইল-সুং ও নেতা কিম জং-ইলের মহৎ, সহানুভূতিশীল ও সদ্ব্যবহারমূলক রাজনীতির ধারাবাহিকতায় বন্দীদের এই সাধারণ ক্ষমা প্রদর্শন করা হচ্ছে। এদিকে শক্তিশালী উত্তর কোরীয় সেনাবাহিনী তাদের নতুন নেতা জং-উনের প্রতি আনুগত্য প্রদর্শনের লক্ষ্যে এক বড় সমাবেশ করেছে। এ সময় সেনারা যেকোনো মূল্যে তাঁকে রক্ষার অঙ্গীকার ব্যক্ত করে। বিবিসি, এএফপি।