বন্দুক ঠেকালে মোদিকে বেছে নেব: কেজরিওয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আপনি যদি আমার মাথায় বন্দুক ঠেকান, তবে মোদিকেই বেছে নেব।’
এক প্রশ্নের জবাবে দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল এ মন্তব্য করেন।
আজ বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, গতকাল বুধবার মুম্বাইয়ে একদল দাতার সঙ্গে বৈঠক করেন কেজরিওয়াল। বৈঠকে উপস্থিত অনিল সিংভি নামের এক দাতার প্রশ্নের জবাবে এএপির প্রধান প্রধানমন্ত্রী হিসেবে মোদির নাম বলেন।
ওই দাতা জানান, আলোচনার একপর্যায়ে আসন্ন লোকসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল নিয়ে কথা ওঠে। নির্বাচনে এককভাবে কোনো দল সরকার গঠনে প্রয়োজনীয় সমর্থন পাবে না বলে মত দেন কেজরিওয়াল।
এই প্রেক্ষাপটে কেজরিওয়ালের কাছে অনিল সিংভি প্রশ্ন রাখেন, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা ও গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান ও উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মায়াবতীর মধ্যে কাউকে যদি প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিতে হয়, তবে কাকে বেছে নেবেন?
এ প্রশ্নের জবাবে এএপির প্রধান জানান, দুজনের কাউকেই তিনি বেছে নেবেন না।
কিন্তু কেজরিওয়ালকে নাছোড়বান্দার মতো চেপে ধরেন অনিল সিংভি। জবাব চাই-ই তাঁর। কেজরিওয়ালকে তিনি বলেন, দেশে তো একজন প্রধানমন্ত্রী দরকার।
অবশেষে কেজরিওয়াল মত দেন, প্রশ্নের উত্তর পাওয়ার জন্য তাঁকে জোরাজুরি করা হলে তিনি মোদিকেই বেছে নেবেন।
তবে নিজের পছন্দের ব্যাপারে কোনো ব্যাখ্যা দেননি কেজরিওয়াল।