বন্দুকধারীদের দখলে লিবিয়ার পার্লামেন্ট
লিবিয়ায় বন্দুকধারী মিলিশিয়ারা গত বুধবার রাতে পার্লামেন্ট দখল করে নিয়েছে। পার্লামেন্ট দখলের পর সেখানকার প্রধান সড়কে বিমানবিধ্বংসী কামানসজ্জিত কমপক্ষে এক ডজন ট্রাক মোতায়েন রাখা হয়েছে। নতুন সরকার গঠনের প্রতিবাদে এ ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।এই মিলিশিয়ারা নতুন সরকার থেকে কিছু মন্ত্রীর অপসারণের দাবি জানিয়ে আসছে। কারণ, লিবিয়ার সাবেক স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির সরকারের সঙ্গে এসব মন্ত্রীর সম্পৃক্ততা ছিল।লিবিয়ায় গত জুলাইয়ে শান্তিপূর্ণ নির্বাচন হয়। সর্বশেষ গত বুধবার সরকার গঠনের ব্যাপারে দেশটির বিভিন্ন পক্ষের মধ্যে চূড়ান্ত সমঝোতা হয়। প্রধানমন্ত্রী আলী জিদান তাঁর মন্ত্রী নির্বাচনে দেশটির পার্লামেন্টের সমর্থন লাভ করেন। সব পক্ষের কাছে গ্রহণযোগ্য একটি জোট সরকার গঠনের লক্ষ্যে তিনি উদারপন্থী ও ইসলামপন্থী উভয় ঘরানার লোককেই মন্ত্রীর তালিকায় অন্তর্ভুক্ত করেন।বন্দুকধারীদের মধ্যে কিছু মিসরাতা শহরের আর অন্যরা ত্রিপোলির বাসিন্দা। লিবিয়ার প্রেসিডেন্ট গার্ডরা ভবনের ভেতরেই রয়েছেন। বন্দুকধারীদের সঙ্গে লড়াইয়ে না জড়িয়ে পড়তে তাঁদের নির্দেশ দেওয়া হয়েছে। বিবিসি।