বন্দুকযুদ্ধে নয়জন নিরাপত্তা কর্মীসহ নিহত ১৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের উত্তরাঞ্চলে কুন্দুজ প্রদেশে গতকাল সোমবার তালেবান জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর বন্দুকযুদ্ধ হয়েছে। এতে নিরাপত্তাবাহিনীর নয়জন সদস্য ও সাত জঙ্গি নিহত হয়েছে। এর আগে শনিবার তালেবান জঙ্গিরা কুন্দুজের একটি বিপণিবিতানে বোমা হামলা চালায়। এতে শিশুসহ ১০ জন নিহত হয়, আহত হয় কমপক্ষে ১৮ জন।যুক্তরাষ্ট্রের সরকার বলেছে, আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে আফগানিস্তানের কিছু এলাকায় যুদ্ধাভিযানের দায়িত্ব দেশটির নিজস্ব নিরাপত্তাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে। যুক্তরাষ্ট্রের পত্রিকা নিউইয়র্ক টাইমসে গত রোববার এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কুন্দুজের প্রধান পুলিশ কর্মকর্তা আবদুল রহমান সাঈদ খাইলি জানান, তালেবান জঙ্গিরা সেখানকার একটি টেলিফোন-অ্যান্টেনা টাওয়ারে হামলা চালিয়েছে। এ সময় টাওয়ারের নিরাপত্তাকর্মীরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন। দুই পক্ষের সংঘর্ষে নয়জন নিরাপত্তাকর্মী ও সাতজন জঙ্গি মারা গেছে। তিনি বলেন, খবর পেয়ে পুলিশবাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। সংঘর্ষে একজন পুলিশ কর্মকর্তাও মারা যান। তালেবান ও অন্যান্য জঙ্গিসংগঠন তাদের নিয়ন্ত্রিত এলাকায় রাতে মোবাইল ফোন বা টেলিফোন ব্যবহার নিষিদ্ধ করেছে। তাদের ধারণা, মোবাইল ফোন অনুসরণের মাধ্যমে আফগান নিরাপত্তাবাহিনী ও ন্যাটোবাহিনী জঙ্গিবিরোধী অভিযান পরিচালনা করছে। সেই থেকে টেলিফোন অ্যান্টেনা টাওয়ারে হামলা চালিয়ে আসছে জঙ্গিরা। স্থানীয় বাসিন্দারা জানায়, টেলিফোন-অ্যান্টেনা টাওয়ারে জঙ্গি হামলার পর সব মোবাইল ফোন নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়। নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০১৪ সালের মধ্যে আফগান যুদ্ধ অবসানের পরিকল্পনা নিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। মার্কিন বাহিনীর জঙ্গিবিরোধী রণকৌশল নিয়ে আফগান প্রেসিডেন্টের সমালোচনার পর এ প্রতিবেদন প্রকাশিত হলো। প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেছেন, আফগানদের জীবনে ‘পরাধিকারচর্চা’ ও তালেবান জঙ্গিদের বিরুদ্ধে উসকানিমূলক কর্মকাণ্ড কমিয়ে আনতে হবে। যুক্তরাষ্ট্রের অপর পত্রিকা ওয়াশিংটন পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে হামিদ কারজাই বলেন, আফগানিস্তানে এক লাখ মার্কিন সেনার উপস্থিতি এবং রাতে বাড়ি বাড়ি গিয়ে তাঁদের ‘ভয়ানক’ তল্লাশিতে সাধারণ আফগানদের মনে বিতৃষ্ণার সৃষ্টি হয়েছে। এতে আফগান তরুণেরা ক্রমেই জঙ্গিদের দলে ভিড়ছে। এএফপি।