বন্ধু যিনি প্রতিদ্বন্দ্বীও তিনি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের দুই প্রার্থী হিলারি ক্লিনটন ও বার্নি স্যান্ডার্স। মনোনয়নের দৌড়ে স্যান্ডার্সের চেয়ে এগিয়ে হিলারি। বলা যেতে পারে, তাঁর প্রার্থিতা নিশ্চিত। তবে লড়াই চালিয়ে যাচ্ছেন স্যান্ডার্স।
একদিকে প্রতিদ্বন্দ্বী হিলারির সঙ্গে লড়াই চালিয়ে যাবেন স্যান্ডার্স, অন্যদিকে আবার ডেমোক্রেটিক দলে সংস্কার আনতে চান তিনি। আর এ কাজে হিলারিকে পাশে চান। নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে তুলোধুনো করতে হিলারির পাশে থাকার ঘোষণাও অকপটে দিয়েছেন।
সম্প্রতি এক ভিডিওবার্তায় সমর্থকদের উদ্দেশে স্যান্ডার্স বলেন, সম্ভাব্য রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারাতে তিনি বড় ধরনের পদক্ষেপ নেবেন। আর ট্রাম্পকে হারাতে হিলারির পাশে থাকবেন তিনি।
সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ডেমোক্রেটিক দলে নিজের মনোনয়ন নিশ্চিত করতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গত সপ্তাহে হিলারি এমন কয়েকজন প্রতিনিধিকে বাছাই করেছেন, যাঁরা আগামী মাসে অনুষ্ঠেয় ডেমোক্রেটিক দলের জাতীয় সম্মেলনে নেতৃত্ব দেবেন। তাঁরা সবাই সামনের সারির নেতা।
এ ক্ষেত্রে ভিন্ন অবস্থান স্যান্ডার্সের। তিনি বলেন, ডেমোক্রেটিক দলকে ভেঙেচুরে গড়তে তৃণমূল পর্যায়কে সুসংগঠিত করতে হবে। আসছে ২৫ জুলাই ফিলাডেলফিয়াতে দলের জাতীয় সম্মেলনে এই তৃণমূল শক্তিকে কাজে লাগাতে চান স্যান্ডার্স।
তৃণমূলদের নিয়ে স্যান্ডার্সের এই পরিকল্পনা তরুণ ও স্বাধীনচেতা ভোটারদের ভাবাচ্ছে। তাঁরা ওয়াশিংটনের অচলাবস্থা নিয়ে নানা প্রশ্ন তুলছেন। অর্থনৈতিক বৈষম্য, দুর্নীতি ও আর্থিক ব্যবস্থার নানা বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন স্যান্ডার্স। আর তা নিয়ে ভাবছেন তাঁর ভোটাররাও। স্যান্ডার্স যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিপ্লব চান। তিনি দেশে বিরাজমান সম্পদ ও আয়ের বৈষম্য দূর করা, বিচারব্যবস্থার সংস্কার, স্বাস্থ্যসেবা ও বেতন নির্ধারণের দাবি তোলেন। স্যান্ডার্স শ্রমিক, সাধারণ নাগরিক, পরিবেশবাদী, নারী সমকামী আন্দোলনের পক্ষেও সমর্থন দিয়েছেন। স্যান্ডার্স চান, যেসব রাজ্যে ডানপন্থীরা জনপ্রিয়, সেখানেও ডেমোক্রেটিক দল লড়াই করুক। তবে এসব ইস্যুতে হিলারির সঙ্গে স্যান্ডার্সের মতবিরোধ রয়েছে।
তবে মতবিরোধ যতই থাক, দল গোছাতে, বিশেষ করে নির্বাচনে ট্রাম্পকে হারাতে হিলারির পাশেই হাঁটবেন স্যান্ডার্স।