বন্ধুও বটে শত্রুও বটে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তান থেকে সোভিয়েত সেনা প্রত্যাহারের এক বছর আগে আফগানিস্তানে সাবেক সোভিয়েত ইউনিয়নের সামরিক বাহিনীর কমান্ডার জেনারেল বরিস গ্রুমভের সব উদ্যোগ বিশেষ এক মুজাহিদিন নেতার কারণে ব্যর্থ হয়েছিল। ওই মুজাহিদিনের নাম জালালউদ্দিন হাক্কানি। জাতিগতভাবে পশতু এই নেতাকে একসময় ‘সদ্গুণের ব্যক্তিরূপ’ হিসেবে বর্ণনা করেছিলেন মার্কিন কংগ্রেস সদস্য চার্লি উইলসন। উইলসন সিআইএর জন্য তহবিল সংগ্রহে সাহায্য করতেন, যাতে সেই অর্থ দিয়ে সোভিয়েত ইউনিয়নের দখলদারির বিরুদ্ধে আফগান প্রতিরোধ আন্দোলনকে সহায়তা করা যায়। হাক্কানি সোভিয়েত সেনাসদস্যদের ওপর ক্রমাগত হামলা চালিয়ে যান। তিনি সোভিয়েত ইউনিয়নের সঙ্গে কয়েক দফা শান্তি আলোচনা চালালেও তা ব্যর্থ হয়। এবং সবশেষে হাক্কানি ১৯৮৭-৮৮ সালে সোভিয়েত ইউনিয়নের শেষ বড় ধরনের আক্রমণাত্মক অভিযান অপারেশন ম্যাজিস্ট্রালকে প্রতিহত করেন।উইলসন আজ বেঁচে নেই এবং জেনারেল গ্রুমভ রাশিয়ার রাজনৈতিক অঙ্গনে যোগ দিয়েছেন। কিন্তু হাক্কানি এখনো একটি জঙ্গি বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট। আর আফগানিস্তানে আল-কায়েদার প্রধান মিত্র হিসেবে বিবেচিত এই বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন এখন তাঁর বড় ছেলে সিরাজউদ্দিন। এই বাহিনী এখন ন্যাটোর জন্য ভীতির কারণ, আগে যেমন ছিল সোভিয়েত ইউনিয়নের জন্য।আগামী বছর থেকে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে তার সেনা প্রত্যাহার করা শুরু করবে। ১৯৮৮ সালের মতো ‘হাক্কানি নেটওয়ার্ক’ হিসেবে পরিচিত এই বাহিনী এবারও আফগানিস্তানের ভবিষ্যৎ নির্ধারণে একটি মুখ্য ভূমিকা পালন করছে। আফগানিস্তান ও পাকিস্তানে পরিচালিত অভিযানগুলো সম্পর্কে ওয়াকিবহাল পশ্চিমা এক কর্মকর্তা বলেন, হাক্কানিদের সঙ্গে কীভাবে সমঝোতায় আসা যায়, এটি এখন একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান একমত নয়।সম্প্রতি যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় তিন সেনাকর্মকর্তা—জেনারেল স্ট্যানলি ম্যাকক্রিস্টাল, যাঁকে গত সপ্তাহে আফগানিস্তানের মার্কিন ও ন্যাটো বাহিনীর কমান্ডার পদ থেকে বরখাস্ত করা হয়, জেনারেল ডেভিড পেট্রাউস, যিনি জেনারেল স্ট্যানলির স্থলাভিষিক্ত হয়েছেন এবং জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান অ্যাডমিরাল মাইক মুলেন—পাকিস্তানের সেনাপ্রধান আশফাক কায়ানির সঙ্গে এক বৈঠকে মিলিত হন। জুন মাসে বাগরামে ন্যাটোর বিমানঘাঁটি ও কাবুলের আরেকটি বিমানঘাঁটিতে আক্রমণসহ বেশ কিছু হামলার জন্য যে হাক্কানিরাই দায়ী, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা জেনারেল কায়ানির কাছে তার প্রমাণ দাখিল করেন।পরে কংগ্রেসের এক শুনানিতে জেনারেল পেট্রাউস বলেন, ‘আপনারা বিষধর সাপকে আপনাদের বাড়ির পেছনে বাসা বাঁধতে দিতে পারেন না। একপর্যায়ে তারা ঠিকই চুক্তি ভঙ্গ করবে এবং আপনাদের ও আপনাদের সন্তানদেরও দংশন করবে।’গত সপ্তাহে পাকিস্তান সফরকালে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগকে হাক্কানিদের সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এ পরিস্থিতি সম্পর্কে আমাদের ও যুক্তরাষ্ট্রের মতামতের মধ্যে কোনো পার্থক্য নেই।’গত সপ্তাহে জেনারেল পেট্রাউসকে লেখা এক খোলা চিঠিতে যুক্তরাজ্যের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড সমঝোতার সমর্থকদের দলে যোগ দেন। তিনি বলেন, ‘যারা আক্রমণ চালাচ্ছে, তাদের সঙ্গে আলোচনায় বসা সত্যি কঠিন। কিন্তু আফগানদের বিদ্রোহের পথ থেকে সমাজে ফিরিয়ে আনার জন্য আলোচনার সুযোগ তৈরি করা, সহিংসতা দূর করা; প্রশমিত করা নয়। আমরা যা চাই, এটা ঠিক তাই—যুদ্ধের সমাপ্তি।’আফগানিস্তান থেকে সোভিয়েত সেনা প্রত্যাহারের ২০ বছর পূর্তিতে জেনারেল গ্রুমভও অনুরূপ উপসংহারে পৌঁছেছেন। তাঁর আরও তেজস্বী রায় হচ্ছে, ‘শক্তি প্রয়োগের মাধ্যমে রাজনৈতিক সমস্যার সমাধান কখনোই সম্ভব হয়নি, কখনো সম্ভব হবেও না।’ দ্য টাইমস অবলম্বনে রাবেয়া আশরাফি।