বন্ধুদের প্রতি মার্কিনদের শ্রদ্ধাবোধ নেই: শ্রোয়েডার

জার্মানির সাবেক চ্যান্সেলর গেরহার্ড শ্রোয়েডার বলেছেন, স্বাধীন, সার্বভৌম ও বিশ্বস্ত বন্ধুদের প্রতিও মার্কিনদের কোনো রকম শ্রদ্ধাবোধ নেই। ইরাকের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধে যৌক্তিক কারণেই সহযোগিতার প্রশ্ন নাকচ করে দিয়েছিল জার্মান সরকার। বন্ধু দেশটির উচিত ছিল এই সিদ্ধান্তকে সম্মান জানানো। দৈনিক বিল্ড পত্রিকাকে দেওয়া এক সাক্ষাত্কারে হ্যানোভারে বসবাসরত গেরহার্ড শ্রোয়েডার এই মন্তব্য করেন।
ইরাক-যুক্তরাষ্ট্র যুদ্ধে সহযোগিতার প্রশ্নে জার্মান সরকার অসম্মতি জানায়। এরপর মার্কিন গোয়েন্দা সংস্থা সাবেক চ্যান্সেলর গেরহার্ড শ্রোয়েডারের টেলিফোনে নজরদারির চালায়। এই ঘটনা প্রকাশের পর তীব্র এই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন সাবেক এই চ্যান্সেলর।
গেরহার্ড শ্রোয়েডার বলেন, এ ধরনের ঘটনা ঘটতে পারে তা তাঁর ধারণার বাইরে ছিল। একটি দেশ অপর একটি দেশের প্রতি নজরদারি করতেই পারে, এটি প্রচলিত সত্য। তবে ক্ষমতায় থাকার সময় তাঁর এবং বর্তমান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলের মুঠোফোনে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসএ) নজরদারির ঘটনা নজিরবিহীন।
গত অক্টোবরে বর্তমান জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলের মুঠোফোনে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসএ) নজরদারির ঘটনা প্রকাশের পর তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল জার্মান সরকার। গুপ্তচরবৃত্তির খবর প্রকাশ পাওয়ার পর ম্যার্কেল মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে কথা বলে এর কারণ জানতে চান।
জার্মান সরকারের মুখপাত্র স্টেফান সাইবার্ট সে সময় বলেছিলেন, ম্যার্কেলের মুঠোফোনে কয়েক বছর ধরে আড়িপাতার ঘটনার প্রমাণ মিলেছে। যুক্তরাষ্ট্রের কাছে এই ঘটনার কারণ জানতে চাওয়া হয়েছে।
এদিকে জার্মান চ্যান্সেলরের ফোনে মার্কিন গোয়েন্দার নজরদারির ঘটনা প্রকাশের পর থেকেই যুক্তরাষ্ট্র-জার্মানি কূটনৈতিক সম্পর্কে শীতল অবস্থা বিরাজ করছে।
সন্ত্রাস দমনে ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তির সুযোগ নিয়ে বিশ্ব ও ইউরোপজুড়ে টেলিফোন ও মুঠোফোনে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসএ) নজরদারির ঘটনা ইতিমধ্যে ইউরোপীয় পার্লামেন্টে আলোচিত হয়েছে এবং ২০১০ সালে করা এই চুক্তির পরিবর্ধনের কথা উঠেছে।