বন্ধুদের সঙ্গে প্রথম বিবাহবার্ষিকী কাটালেন উইলিয়াম ও কেট
ব্রিটিশ রাজ সিংহাসনের দ্বিতীয় উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের জমকালো বিয়ের অনুষ্ঠান ২০১১ সালে উপভোগ করেছিল ২০০ কোটির বেশি দর্শক। গত বছরের সাড়া জাগানো ও সবচেয়ে আলোচিত বিয়ে ছিল সেটি। তবে বিয়ের অনুষ্ঠান যতই জমকালো হোক, একেবারেই আড়ম্বরহীনভাবে প্রথম বিবাহবার্ষিকী কাটালেন উইলিয়াম ও কেট দম্পতি। বন্ধুবান্ধবদের সঙ্গে ও ব্যক্তিগতভাবে নিজেদের বিবাহবার্ষিকী পালন করেছেন এ দম্পতি।এদিকে, রাজপরিবারের বধূ কেটের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছে ব্রিটেনের পত্রিকাগুলো। দ্য সানডে টাইমস পত্রিকার খবরে বলা হয়েছে, কেট সবার মন জয় করেছেন। সানডে টেলিগ্রাফ পত্রিকার খবরে বলা হয়, মাত্র ১২ মাসেই নিজের সারল্যের কারণে সবার মন ছুঁয়ে গেছেন কেট।বিয়ের পরে সেসেলেজ দ্বীপে মধুচন্দ্রিমা কাটান কেট ও উইলিয়াম। এর পরে তাঁরা কানাডা ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ঘুরতে যান। ব্রিটেনে বেশ কয়েকবার জনসমক্ষে এসেছেন তাঁরা। আগামী জুন মাসে লন্ডনে অলিম্পিক ও রানী এলিজাবেথের সিংহাসনে আরোহণের হীরকজয়ন্তী সামনে রেখে বেশ কয়েকবার জনসমক্ষে আসেন তাঁরা। তবে সেগুলো সবই ছিল আনুষ্ঠানিক।ব্রিটিশ রাজপরিবারের বধূ হলেও কেট সাদামাটাভাবেই থাকতে পছন্দ করেন। রাজপরিবার ও সাধারণ জনগণের মধ্যকার সম্পর্ককে অনেকটাই সহজ করে তুলেছেন কেট। কেটকে ফ্যাশন ট্রেন্ড হিসেবেও মনে করেন অনেকে। এরই মধ্যে টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায়ও নিজের স্থান করে নিয়েছেন কেট।উইলিয়াম ও কেট কবে রাজপরিবারের উত্তরাধিকারীর জন্ম দেবেন, তা নিয়ে ব্রিটেনবাসীর মধ্যে চলছে অনেক গুঞ্জন। তবে তাঁরা সাফ জানিয়ে দিয়েছেন, এটি একান্তই তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত। তাই আপাতত উইলিয়াম ও কেটের আদরের পোষা কুকুরের খবরেই সন্তুষ্ট থাকতে হচ্ছে ব্রিটেনবাসীকে। আগামী সেপ্টেম্বরে উইলিয়াম ও কেট দম্পতি সিঙ্গাপুর, মালয়েশিয়া ও সলোমন দ্বীপ ভ্রমণ করবেন। এএফপি।