বন্ধুর শেষকৃত্যে আমন্ত্রণ পাননি ডেসমন্ড টুটু!

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার শেষকৃত্যানুষ্ঠানে ডাকা হয়নি আর্চবিশপ ডেসমন্ড টুটুকে। গতকাল শনিবার টুটুর ব্যক্তিগত কার্যালয় থেকে এ কথা জানানো হয়।
অভিযোগ উঠেছে, বর্তমান প্রেসিডেন্ট জ্যাকব জুমার প্রশাসনের দুর্নীতিসহ বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করায় টুটুকে বন্ধু ম্যান্ডেলার শেষকৃত্যানুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। গত মঙ্গলবার সোয়েটোয় অনুষ্ঠিত ম্যান্ডেলার মূল স্মরণানুষ্ঠান থেকেও দূরে থাকতে হয় টুটুকে। ওই অনুষ্ঠানে অন্তত ১০০ জন বিশ্বনেতা যোগ দেন।
কেপটাউনের প্রথম কৃষ্ণাঙ্গ আর্চবিশপ টুটুর মেয়ে এমফো টুটু বলেন, ম্যান্ডেলার প্রতি শ্রদ্ধা জানানো ও তাঁর শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে সরকারের কাছ থেকে বিশেষ কার্ড পেতে হয়। ডেসমন্ড টুটু সেই কার্ড পাননি। এ কারণে অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না তিনি।
৮২ বছর বয়সী টুটুর ঘনিষ্ঠ বলে পরিচিত রজার ফ্রাইডম্যান বলেন, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) সমালোচনা করায় এসব আনুষ্ঠানিকতা থেকে তাঁকে দূরে রাখা হচ্ছে। তিনি এখন এসব অনুষ্ঠানে যোগ না দেওয়ার অবস্থানে রয়েছেন।
নোবেল শান্তি পুরস্কারজয়ী টুটু বর্তমান সরকারের দুর্নীতির জন্য প্রকাশ্যে সমালোচনা করছেন বেশ কিছুদিন ধরেই। বর্ণবাদবিরোধী এই নেতাকে এখন দক্ষিণ আফ্রিকার ‘নৈতিক বাতিঘরের’ সঙ্গে তুলনা করা হয়।
ম্যান্ডেলার সঙ্গে ডেসমন্ড টুটুর বন্ধুত্বের গভীরতা বোঝাতে বিশ্লেষকেরা একটি উদাহরণ তুলে ধরেন। সেটি হচ্ছে, ২৭ বছর কারাভোগের পর ১৯৯০ সালে মুক্তি পেয়ে ম্যান্ডেলা প্রথম রাতটি কাটিয়েছেন বন্ধু টুটুর বাসায়। ম্যান্ডেলার শেষ সময় পর্যন্ত টুটুর সঙ্গে বন্ধুত্ব অটুট ছিল। এএফপি।