যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত গুয়ানতানামো বন্দিশিবিরটি ২০১০ সালের জানুয়ারিতেই বন্ধ করে দেওয়ার কথা ছিল। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরপর দুই বছর পার হয়েছে। কিন্তু আজও বন্ধ হয়নি বন্দিশিবিরটি। বরং সেখানে এখনো চলছে নানা রকম নির্মাণকাজ। প্রায় ১০ বছর আগে কিউবার দক্ষিণাঞ্চলীয় মার্কিন নৌঘাঁটি গুয়ানতানামোতে গড়ে তোলা হয় এই বন্দিশিবির। তখন সন্দেহভাজন ৭৭৮ জঙ্গিকে এখানে নিয়ে আসা হয়। কিন্তু বিশ্বব্যাপী সমালোচনার মুখে প্রেসিডেন্ট ওবামা শিবিরটি বন্ধের ঘোষণা দেন। তারপর থেকে বন্দীর সংখ্যা কমিয়েও আনা হয়। বর্তমানে ১৭১ জন বন্দী আছেন। কিন্তু আইন ও রাজনৈতিক জটিলতায় সেখানে বন্দীর সংখ্যা কমিয়ে আনার গতি অত্যন্ত ধীর। এরই মধ্যে ২০১০ সালের জানুয়ারিতে শিবিরটি বন্ধের চূড়ান্ত তারিখ পার হয়ে গেছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল টড ব্রাসিল জানিয়েছেন, থামার নির্দেশ না পাওয়া পর্যন্ত তাঁরা কাজ চালিয়েই যাবেন। তাঁরা একই সঙ্গে সন্ত্রাসের বিরুদ্ধে চলতি ও ভবিষ্যৎ অভিযানগুলো নিয়ে কাজ করে যাচ্ছেন।শিবিরের ধুধু করা মাঠে ১০ বছর আগে বন্দীদের জন্য নির্মিত হয়েছিল একটি হাসপাতাল। এ হাসপাতালসহ শিবিরের বিভিন্ন দপ্তর ও কর্মচারীদের বাসস্থানগুলো জরাজীর্ণ হয়ে পড়েছে। শিবিরের মুখপাত্র কমান্ডার টামসেন রিজ জানান, অস্থায়ী ভিত্তিতেই এসব স্থাপনা নির্মিত হয়েছিল। বর্তমানে কাজ চালিয়ে নিতে এগুলো সংস্কার করতে হচ্ছে। এখনো এখানে সামরিক ও বেসামরিক পর্যায়ে এক হাজার ৮৫০ জন কর্মী রয়েছেন।শিবিরের সবচেয়ে কঠোর গোপনীয়তাসম্পন্ন ক্যাম্প-৭-এর একজন বন্দী হলেন আবদুল আল-রহিম আল-নাসিরি। তাঁর আইনজীবী রিচার্ড কাম্মেন। তিনি চলতি সপ্তাহে মক্কেলের বিচারের জন্য প্রয়োজনীয় কিছু কাজ সারতে গুয়ানতানামোতে ছিলেন। তিনি বলেন, ‘আমি নিকট ভবিষ্যতে এই শিবির বন্ধের কোনো লক্ষণই দেখছি না। এখনো এখানে নতুন করে বেশ কিছু ভবন নির্মাণ করা হচ্ছে।’ এএফপি।