ভারতের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য অন্ধ্র প্রদেশকে ভেঙে পৃথক রাজ্য তেলেঙ্গানা গঠনের সিদ্ধান্তের ব্যাপক প্রতিবাদ হচ্ছে। প্রদেশের রায়ালসীমা ও উপকূলীয় এলাকায় গতকাল বুধবার বন্্ধ্ পালন করা হয়। প্রাদেশিক সরকারের কমপক্ষে চারজন মন্ত্রী পদত্যাগ করেছেন। ভারতের ক্ষমতাসীন কংগ্রেস সরকার পৃৃথক তেলেঙ্গানা রাজ্য গঠনের সিদ্ধান্ত গত মঙ্গলবার চূড়ান্ত করে। প্রদেশটির অধিবাসীদের একাংশের দীর্ঘ কয়েক দশকের দাবি এটি। তবে অন্ধ্র প্রদেশকে অবিভক্ত রাখার পক্ষেও শক্তিশালী জনমত রয়েছে। তেলেঙ্গানা রাজ্য গঠনের ওই সিদ্ধান্তের প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের বন্্ধ্ কর্মসূচি ডাকে। বনেধ রায়ালসীমা ও উপকূলীয় অঞ্চলে (একসঙ্গে শ্রীমান্ধ্রা নামে পরিচিত) গতকাল স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। মুখ্যমন্ত্রী রেড্ডিও অন্ধ্র প্রদেশকে বিভক্ত করার পক্ষে নন। তিনি বলেন, কংগ্রেস সরকারের সিদ্ধান্ত মেনে নেওয়া তাঁর জন্যও ‘পীড়াদায়ক’। কিন্তু এখন নতুন রাজ্য প্রতিষ্ঠার পথেই সবাইকে এগিয়ে যেতে হবে। মুখ্যমন্ত্রীর এই বক্তব্য তাঁর মন্ত্রিসভার চার সদস্যকে সন্তুষ্ট করতে পারেনি। অবিভক্ত রাজ্যের দাবিতে তাঁরা গতকালই পদত্যাগ করেন। এ ছাড়া রায়ালসীমা ও উপকূলীয় এলাকার অন্তত ১১ জন আইনপ্রণেতাও একই দাবিতে পদত্যাগ করেছেন।কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ভারতের ২৯তম রাজ্য তেলেঙ্গানায় অন্ধ্র প্রদেশের ১০টি জেলা অন্তর্ভুক্ত হবে। অন্ধ্র প্রদেশের বর্তমান রাজধানী হায়দরাবাদ আগামী ১০ বছর পর্যন্ত দুটি রাজ্যেরই রাজধানী থাকবে। পরে সেটি তেলেঙ্গানার রাজধানী হয়ে যাবে এবং অন্য রাজ্যটি তত দিনে নতুন রাজধানী নির্ধারণ করে নেবে। কিন্তু রায়ালসীমার অধিবাসীরা হায়দরাবাদ নগরকে ভিন্ন রাজ্যের রাজধানী হিসেবে মেনে নিতে চাইছে না। তাঁদের আশঙ্কা, তথ্যপ্রযুক্তি শিল্প, শিক্ষা ও অর্থনৈতিক কারণে গুরুত্বপূর্ণ হায়দরাবাদ নগরকে হারালে রায়ালসীমা ও আশপাশের অঞ্চল পিছিয়ে পড়তে পারে। অন্ধ্র প্রদেশের তিনটি অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় অংশ তেলেঙ্গানা থেকে রাজ্যের মোট রাজস্বের ৬০ শতাংশ আসে। এ ছাড়া প্রদেশের অধিবাসীদের ৪০ শতাংশই তেলেঙ্গানা অঞ্চলের বাসিন্দা। সেই তুলনায় প্রদেশের উপকূলীয় এলাকা থেকে রাজ্যের বার্ষিক আয়ের মাত্র ১৪ শতাংশ অর্জিত হয়। রায়ালসীমা থেকে পাওয়া যায় মাত্র ৪ শতাংশ। অন্ধ্র প্রদেশের ৪২টি সংসদীয় আসনের অর্ধেকের বেশিই পড়েছে তেলেঙ্গানা অঞ্চলে। তাই জনমতের বিবেচনায় তেলেঙ্গানার দাবিই বেশি গুরুত্ব পায়। ধারণা করা হচ্ছে, কংগ্রেস সরকার মূলত আসন্ন নির্বাচনের কথা চিন্তা করেই তেলেঙ্গানা রাজ্য গঠনের সিদ্ধান্ত নিয়েছে।পানি, বিদ্যুৎ ও রাজস্বসহ বিভিন্ন বিষয় নতুন দুটি রাজ্যে কীভাবে বণ্টন হবে তা নিয়ে তেলেঙ্গানা ও শ্রীমান্ধ্রার জনগণের মধ্যে উদ্বেগ রয়েছে। এ ব্যাপারে সমাধানের লক্ষ্যে ভারতের কেন্দ্রীয় সরকার আগামী কয়েক মাসের মধ্যেই উদ্যোগ নেবে বলে জানানো হয়েছে।অন্ধ্রপ্রদেশ ভেঙে যে তেলেঙ্গানা গঠিত হচ্ছে তার মূল কারণ রাজনৈতিক। আঞ্চলিক বৈষম্যকে কেন্দ্র করে নতুন রাজ্যের দাবিতে আন্দোলনের মধ্যে ১৯৬০ ও ১৯৭০-এর দশকে সেখানে একটি নতুন প্রজন্ম গড়ে ওঠে। সাম্প্রতিক সময়ে এর সঙ্গে যোগ হয়েছিল সামাজিক ও রাজনৈতিক আধিপত্য।অন্ধ্রপ্রদেশের রাজধানী হায়দরাবাদ। বিশাল এ নগর দেশীয় ও আন্তর্জাতিক আর্থিক কর্মযজ্ঞের ক্ষেত্র। ভৌগোলিকভাবে এই নগর তেলেঙ্গানা অঞ্চলের মধ্যে। তবে আশপাশের পশ্চাৎপদ এলাকার সঙ্গে এর যোগাযোগ খুবই সীমিত। পিটিআই ও দ্য হিন্দু।