থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা গতকাল শনিবার হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, দেশটির বন্যা এক মাসের বেশি সময় স্থায়ী হতে পারে। এ জন্য তিনি রাজধানী ব্যাংককের বাসিন্দাদের বন্যা মোকাবিলার জন্য প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন। থাইল্যান্ডের কর্তৃপক্ষ দেশের মধ্যাঞ্চলীয় সমতল ভূমি থেকে বন্যার পানি শহরের খালের ভেতর দিয়ে সমুদ্রে প্রবাহিত করার পদক্ষেপ নিয়েছে। এরই মধ্যে শহরের উত্তরাঞ্চলের কিছু কিছু এলাকা কোমর সমান পানিতে তলিয়ে গেছে।ইংলাক সিনাওয়াত্রা ব্যাংককের বাসিন্দাদের নিজ নিজ মালামাল মাটি থেকে অন্তত এক মিটার উঁচু স্থানে রাখার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, বন্যার পানি সাগরে প্রবাহিত করতে ব্যাংকককে সব বন্যানিয়ন্ত্রণ বাঁধ কয়েক সপ্তাহের জন্য অবশ্যই খুলে দিতে হবে। কাজেই এই দীর্ঘ সময়ে এখানকার বাসিন্দাদের নিজ নিজ মালামাল, গাড়ি ও অন্যান্য মূল্যবান সামগ্রী অন্তত এক মিটার উঁচু জায়গায় সরিয়ে নেওয়া উচিত। টেলিভিশনে সম্প্রচার করা জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইংলাক বলেন, এটা ভয়ানক পরিস্থিতি, যা মানুষের জীবন ও সম্পদকে ক্ষতিগ্রস্ত করছে। তিনি বলেন. বন্যার কারণে এক লাখ ১৩ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে উঠতে বাধ্য হয়েছে। এ ছাড়া দেশের কিছু এলাকায় পানি নেমে যাচ্ছে; তবে পানি ক্রমশ রাজধানীতে ঢুকে পড়ছে, যা ঠেকানো সম্ভব নয়। তিনি আরও বলেন, সার্বিক বন্যা পরিস্থিতি ‘চার থেকে ছয় সপ্তাহ’ স্থায়ী হতে পারে।থাইল্যান্ডে তিন মাসের বন্যায় অন্তত ৩৫৬ জনের প্রাণহানি হয়েছে এবং প্রায় ৯০ লাখ মানুষের ঘরবাড়ি ও জীবিকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এএফপি।