বন্যাদুর্গত লাদাখ এলাকা পরিদর্শনে মনমোহন সিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং গতকাল মঙ্গলবার কাশ্মীরের বন্যাদুর্গত লাদাখের লেহ এলাকা পরিদর্শন করেছেন। তিনি এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর পুনর্নির্মাণে এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষতি কাটিয়ে উঠতে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস দেন।বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ লাদাখে ১০ দিন আগে ঘটে যাওয়া ভয়াবহ বন্যায় ১৮৯ জন নিহত এবং আরও ৪০০ জন নিখোঁজ রয়েছে।মনমোহন সিং বন্যাদুর্গত এলাকায় এক কোটি ২৫ লাখ রুপির ত্রাণ বিতরণের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ‘সব হাসপাতাল, স্কুল, বিদ্যুৎসংযোগ, রাস্তাঘাট এবং বাড়িঘরের নির্মাণকাজ আড়াই মাসের মধ্যে সম্পন্ন করা হবে। তহবিল নিয়ে কোনো সমস্যা হবে না।’ বন্যাদুর্গত অঞ্চলে ত্রাণকর্মীরা তাঁদের তৎপরতা চালিয়ে যাচ্ছেন। মৃত মানুষের সৎকার এবং ধ্বংসস্তূপ পরিষ্কারে হাজার হাজার সেনাসদস্য সহায়তা করছেন।৫০ বছরের মধ্যে ভয়াবহ এ বন্যায় লাদাখের বেশির ভাগ রাস্তাঘাটই ভেসে গেছে। চীনের সীমান্তের কাছে অনেক পর্যটক আটকে পড়েছিলেন। সেনারা তাঁদের উদ্ধার করেছেন। প্রতিবছর জুলাই এবং আগস্ট মাসে হাজার হাজার পর্যটক লাদাখে ভ্রমণ করতে আসেন। এএফপি।