বন্যার ধাক্কা সামলাতে হিমশিম খাবে পাকিস্তান
বানের জলে ভাসছে পাকিস্তান। খাদ্য ও বাসস্থানের নিদারুণ সংকটে ভুগছে দুর্গত এলাকার হাজার হাজার মানুষ। দেশের রাজনৈতিক অঙ্গনে তাৎক্ষণিকভাবে এর বিরূপ প্রভাব না পড়লেও অদূর ভবিষ্যতে অশান্ত হয়ে উঠতে পারে পরিস্থিতি। সে ক্ষেত্রে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও তাঁর ক্ষমতাসীন রাজনৈতিক দলের জন্য সামনে অপেক্ষা করছে কঠিন সময়।বন্যার বিরূপ প্রভাবে খাদ্য ঘাটতির সঙ্গে পাল্লা দিচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এর ধাক্কা সামলাতে না পেরে যেকোনো সময় রাজপথে নামতে পারে ভুক্তভোগী ক্ষুব্ধ লোকজন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নেতৃত্বাধীন বিরোধী দল সরকারের কঠোর সমালোচনা করলেও এখনো তারা আন্দোলনে নামেনি। তবে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, খাদ্য ঘাটতি ও দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার মতো মোক্ষম ইস্যুকে পুঁজি করে নওয়াজের দলসহ রাজনৈতিক দলগুলো বড় ধরনের বিক্ষোভে যেতে পারে। এতে সরকার কোণঠাসা হয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসতে পারে সেনারা।অনেক বিশ্লেষক আবার এটিও মনে করছেন যে কোনো অছিলায় দেশের ক্ষমতা সেনাবাহিনীর হাতে চলে যাক, তা চায় না বিরোধী দলগুলো। এতে ২০১৩ সালে নির্বাচনের পথে একটি জোরালো বাধা তৈরি হবে। আর তা হলে বিরোধী দলগুলোও বেশ ক্ষতিগ্রস্ত হবে।বন্যার ফলে পাকিস্তানে ভয়াবহ অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে বলে এর মধ্যে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। পাকিস্তানের অর্থমন্ত্রী আশঙ্কা প্রকাশ করে বলেন, বন্যার ক্ষতিকর প্রভাবে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কমে যেতে পারে। তবে তা কতটুকু কমতে পারে, এ ব্যাপারে তিনি স্পষ্ট আভাস দেননি। বন্যার ফলে পাকিস্তানের সড়ক যোগাযোগ, সেতু, সেচব্যবস্থাসহ অবকাঠামোগত ব্যাপক ক্ষতি হয়েছে। জাতিসংঘ বলেছে, বন্যা-পরবর্তী দীর্ঘ মেয়াদি পুনর্বাসনে পাকিস্তানে কোটি কোটি ডলার ব্যয় হবে। বন্যায় কৃষকদের সংরক্ষিত পাঁচ লাখ টনেরও বেশি গম নষ্ট হয়েছে। চিনির উৎপাদনও কমবে।শিল্প কর্মকর্তারা জানান, বন্যায় মজুদ রাখা বিপুল পরিমাণ তুলা নষ্ট হয়েছে। দেশের রপ্তানি খাতে এর বিরূপ প্রভাব পড়বে। রয়টার্স অবলম্বনে শুভা জিনিয়া চৌধুরী