বন্যার পানি বেড়েই চলেছে ব্যাংককে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্রবল বন্যার আশঙ্কা ও সরকারের কাছ থেকে হুঁশিয়ারি পাওয়ার পর হাজার হাজার মানুষ ব্যাংকক ছাড়ছে। এসব মানুষ ও যানবাহনের চাপে রাজধানীর বাইরের সড়কগুলো কার্যত গতকাল শুক্রবার বন্ধ হয়ে যায়। থাইল্যান্ড সফররত বিদেশি পর্যটকদেরও দেশে ফেরার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট দেশের সরকারগুলো।এদিকে, থাইল্যান্ডে বিভিন্ন জাপানি কোম্পানিতে কর্মরত কয়েক হাজার থাই শ্রমিককে এই দুর্যোগকালীন সময়ে জাপানে আশ্রয় দেওয়ার প্রস্তাব দিয়েছে টোকিও।ব্যাংককের চাও ফ্রায়া নদীর পানি গতকাল অস্বাভাবিক উচ্চতায় প্রবাহিত হচ্ছিল। প্রবল মৌসুমি বৃষ্টিপাতে তিন মাস ধরে থাইল্যান্ডে যে বন্যা দেখা দিয়েছে, তা গত অর্ধশতকের মধ্যে সবচেয়ে ভয়াবহতম। বন্যায় দেশটিতে এ পর্যন্ত ৩৭৭ জন ব্যক্তি প্রাণ হারিয়েছে। এ ছাড়া কয়েক লাখ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে আবহাওয়ার পূর্বাভাসে চলতি সপ্তাহান্তে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের পূর্ব উপকূলীয় এলাকায় ব্যাপক বৃষ্টিপাতের আভাস দেওয়া হয়েছে।ব্যাংককের নগর প্রশাসনের একজন মুখপাত্র জানান, ফ্রায়া নদী খুব দ্রুতগতিতে ফুঁসে উঠছে। প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা সাংবাদিকদের জানিয়েছেন, পূর্বাঞ্চলীয় ব্যাংককে বন্যার পানি বেরিয়ে যেতে তাঁরা কয়েকটি সড়কে খাল খননের প্রস্তাব বিবেচনা করছেন। থাইল্যান্ডে এএফপি, রয়টার্স।