পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জঙ্গি ও সন্ত্রাসীরা ফায়দা লোটার জন্য বন্যাকবলিতদের অসহায়ত্বের সুযোগ নিতে পারে। আশ্রয় ও খাবারের লোভ দেখিয়ে তারা তাদের দলে ভেড়াতে পারে। গত বৃহস্পতিবার রাওয়ালপিন্ডির চাকলালা বিমানঘাঁটিতে মার্কিন সিনেটর ও যুক্তরাষ্ট্রের ফরেন রিলেশনস কমিটির প্রধান জন কেরির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে জন কেরি বলেন, পাকিস্তানের চলমান মানবিক সংকটকে কোনো মহল তাদের নিজেদের স্বার্থ উদ্ধারে ব্যবহার করুক এটা তাঁরা চান না।প্রেসিডেন্ট জারদারি ও সিনেটর জন কেরি গত বৃহস্পতিবার দুর্গত এলাকা ঘুরে দেখেন। পরে বন্যাকবলিতদের পুনর্বাসন সম্পর্কে তাঁরা দুজনই যৌথ সংবাদ সম্মেলন করেন।সম্মেলনে জারদারি বলেন, ‘কোনো কোনো অপশক্তি এই বিপর্যয়কে স্বার্থসিদ্ধির জন্য কাজে লাগাতে পারে। বন্যায় যেসব শিশু মা-বাবা হারিয়ে এতিম হয়ে গেছে, সন্ত্রাসীরা সেসব শিশুকে তাদের প্রশিক্ষণ শিবিরে নিয়ে যেতে পারে। নিজেদের আশ্রয়ে রেখে তাদের আগামী দিনের ভয়ংকর সন্ত্রাসী হিসেবে গড়ে তুলতে পারে।’জারদারি বলেন, ধীরে ধীরে গোটা বিশ্বই বুঝতে পারছে এই বিশাল জনগোষ্ঠীর পুনর্বাসন করা এক দিনের কাজ নয়। একা একটি দেশের পক্ষে এ অবস্থা মোকাবিলা করাও সম্ভব নয়। তিনি বলেন, তাঁর বিশ্বাস, বিশ্ব এ বিপর্যয় মোকাবিলায় তাদের পাশে এসে দাঁড়াবে। তবে ইতিমধ্যেই বিরোধীরা জারদারি সরকারের সমালোচনা করে বলেছেন, সরকার পরিস্থিতি মোকাবিলায় দ্রুততার সঙ্গে ত্রাণ তত্পরতা চালাতে ব্যর্থ হচ্ছে। তাদের অভিযোগ, অনেক এলাকায় ইসলামপন্থী বেশ কয়েকটি উগ্র সংগঠন ত্রাণ সরবরাহ করে জনগণের কাছে নিজেদের গ্রহণযোগ্য করে তুলছে।সিনেটর জন কেরি বলেছেন, দুর্গতদের অসহায়ত্বের সুযোগ নিয়ে কোনো মহল তাদের রাজনৈতিক অথবা আদর্শিক ফায়দা হাসিল করবে—এটা কারও কাম্য হতে পারে না। তিনি পাকিস্তানের বন্যা পরিস্থিতির জন্য উদ্বেগ প্রকাশ করেন। যুক্তরাষ্ট্র ত্রাণ তত্পরতা চালানোর জন্য পাকিস্তানে ১৯টি সামরিক হেলিকপ্টার নিয়োগ করেছে। যুক্তরাষ্ট্র প্রথমে নয় কোটি ডলার সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিলেও জন কেরি ওই আর্থিক সহায়তার পরিমাণ ১৫ কোটি ডলারে উন্নীত করা হবে বলে ঘোষণা দেন।জাতিসংঘ মহাসচিবের আহ্বান: জাতিসংঘের মহাসচিব বান কি মুন গতকাল শুক্রবার পাকিস্তানের বন্যা পরিস্থিতিকে ‘ধীরগতির সুনামি’ হিসেবে আখ্যায়িত করে সেখানে দ্রুত ত্রাণসামগ্রী পাঠানোর জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের বৈঠকে তিনি বলেন, ‘বিশ্ব সংহতি প্রদর্শনের ক্ষেত্রে এটা একটা বড় পরীক্ষা।’ পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারির সঙ্গে অভিন্ন মত পোষণ করে তিনি বলেন, যত দ্রুত সম্ভব সেখানে পর্যাপ্ত ত্রাণ পৌঁছাতে হবে, নয়তো সন্ত্রাসীরা দুর্গতদের অসহায়ত্বকে কাজে লাগাতে পারে। এএফপি ও বিবিসি অনলাইন।