বন্যার্তদের জন্য খাবার চেয়েছে উত্তর কোরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ বলেছে, বন্যাদুর্গত মানুষের জন্য জরুরি ভিত্তিতে খাদ্য-সাহায্য চেয়ে অনুরোধ জানিয়েছে উত্তর কোরিয়া। গত মাসে ভয়াবহ বন্যায় দেশটির ব্যাপক ক্ষতি হয়েছে। গৃহহারা হয়েছে অসংখ্য মানুষ। উত্তর কোরিয়ার সরকারি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ওই বন্যায় অন্তত ১১৯ জনের প্রাণহানি ঘটেছে। গৃহহীন হয়েছে হাজার হাজার মানুষ। সমাজতান্ত্রিক দেশটিতে এমনিতেই খাদ্যসংকট। তার ওপর এ বন্যায় অবকাঠামো ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ায় খাদ্যসংকট আরও ঘনীভূত হয়েছে।বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দক্ষিণাঞ্চলীয় ফিয়ংগান প্রদেশের আনজু শহর ও সংচন কাউন্টি এবং কাংওন প্রদেশের চোনেই কাউন্টি। এসব এলাকার বাসিন্দাদের জরুরি ভিত্তিতে খাদ্য ও খাওয়ার পানি সরবরাহ করতে হবে। না হলে মানবিক বিপর্যয় দেখা দেবে। নিউইয়র্কে জাতিসংঘের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, খাদ্য ও জ্বালানির মতো জরুরি সাহায্য চেয়ে জাতিসংঘের কাছে আবেদন জানিয়েছে উত্তর কোরিয়া। কয়েকটি আন্তর্জাতিক সাহায্য সংস্থা এরই মধ্যে ত্রাণ ও অনুদান সংগ্রহ শুরু করেছে। রেডক্রস বলেছে, বন্যাদুর্গত মানুষের জন্য তারা তিন লক্ষাধিক ডলার (এক লাখ ৯৩ হাজার পাউন্ড) বণ্টন করবে। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কেসিএনএর তোলা ছবিতে দেখা গেছে, আনজু এলাকার বাড়িগুলো পানির নিচে ডুবে গেছে। প্লাবিত হয়েছে বিস্তীর্ণ কৃষিভূমি। বন্যাদুর্গত লোকজন বাড়িঘরের ছাদে অবস্থান নিয়েছে। আনজু সিটি পিপলস কমিটির ভাইস চেয়ারম্যান কিম কোয়াং-ডক বলেন, আনজু শহরের ইতিহাসে এত বড় দুর্যোগ আর ঘটেনি। বিবিসি।