বন্যায় প্রাণহানির ঘটনায় শোকাচ্ছন্ন রাশিয়া
রাশিয়ার দক্ষিণাঞ্চলে স্মরণকালের ভয়াবহতম বন্যায় মৃত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে গতকাল সোমবার দেশটিতে এক দিনের শোক পালন করা হয়েছে। বন্যায় কমপক্ষে ১৭১ জন মারা গেছে। এদিকে, ওই দুর্যোগ থেকে স্থানীয় অধিবাসীদের সতর্ক হওয়ার জন্য সরকারি কর্মকর্তারা যথেষ্ট পদক্ষেপ নিয়েছিলেন কি না, সে ব্যাপারে ব্যাপক প্রশ্ন উঠেছে।শোক পালনের অংশ হিসেবে মস্কোর ক্রেমলিনসহ অন্যান্য সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বাতিল করা হয় সব ধরনের বিনোদনমূলক কর্মসূচি। বন্যায় দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলে ঠিক কতজন মারা গেছে এবং সম্পদের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে—এদিন সে প্রশ্নই খুঁজে ফিরেছে রাশিয়ার আপামর জনসাধারণ।কর্মকর্তারা বলছেন, টানা বর্ষণে সৃষ্ট এই বন্যায় ২৫ হাজারের বেশি মানুষ আংশিক কিংবা সর্বস্ব হারিয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্রাইমস্ক শহরের বাসিন্দারা। এ ছাড়া, পার্শ্ববর্তী গেলেন্দঝিক ও নভোরোসিস্কেও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।মৃত ব্যক্তিদের সৎকারে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ক্রাইমস্কে কয়েকটি শেষকৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। মৃতদেহগুলো কবর দিতে ট্রাক্টরের সাহায্যে মাটি খোঁড়া হয়। অনুষ্ঠানগুলোতে উপস্থিত শোকার্ত স্বজনেরা বন্যার সতর্কতা জানাতে ব্যর্থ হওয়ায় কর্তৃপক্ষকে অভিযুক্ত করে। তারা মৃত ব্যক্তিদের সঠিক সংখ্যা প্রকাশ না করারও অভিযোগ তোলে কর্তৃপক্ষের বিরুদ্ধে।স্থানীয় গভর্নর বন্যার ভয়াবহতাকে ‘বিরাট বিস্ময়’ বলে আখ্যায়িত করে বলেন, কোনো কিছুতেই এই বিপদ ঠেকানো যেত না। তবে, সরকারপন্থী ও সরকারবিরোধী বলে পরিচিত সংবাদপত্রগুলো উভয়েই নজিরবিহীনভাবে একই সুরে বলেছে, কর্তৃপক্ষ বন্যকবলিত লোকজনকে আগে থেকে সতর্ক করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে।সরকারবিরোধী পত্রিকাভেদোমস্তি বলেছে, ‘ক্রাসনোদারের এই বন্যা কোনো অবস্থাতেই আকস্মিক ঘটনা নয়। কর্তৃপক্ষ এর ঝুঁকি সম্পর্কে ভালোভাবেই জানত।’ সরকারপন্থী পত্রিকা কমোসমলস্কেয়া প্রাভদা ‘কেন এত মৃত্যু?’—এই একটি শিরোনামেই ক্রাইমস্কের পুরো ভয়াবহতা তুলে ধরেছে। এএফপি।