বয়স্করা ঘ্রাণ না পেলে সাবধান!
ঘ্রাণশক্তি লোপের সঙ্গে মৃত্যুর ঝুঁকির সম্পর্ক রয়েছে বলে দাবি করেছেন একদল গবেষক। তবে তা তরুণদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। বয়স্ক ব্যক্তিদের মধ্যে ঘ্রাণের অনুভূতি লোপ পেলে পাঁচ বছরের মধ্যে মৃত্যুর আভাস পাওয়া যায়।
আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, গতকাল বুধবার প্রকাশিত এক গবেষণায় এমন দাবি করা করা হয়েছে। গবেষণাটি ফিয়াস ওয়ান সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
গবেষণায় দেখা গেছে, সাধারণ ঘ্রাণশক্তির পরীক্ষায় ব্যর্থ হওয়া বয়স্কদের মধ্যে ৩৯ শতাংশ এই সময় মেয়াদে মারা গেছেন।
গবেষণাটিতে দাবি করা হয়েছে, হৃদযন্ত্র, ক্যানসার ও ফুসফুসের রোগ নির্ণয়ের চেয়ে ঘ্রাণশক্তির পরীক্ষার মাধ্যমে মৃত্যুর আভাসটা জোরালো। ঘ্রাণশক্তি লোপের সঙ্গে মৃত্যু কীভাবে সম্পর্কিত, এর কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই।
গবেষণাটিতে নেতৃত্ব দেওয়া শিকাগো বিশ্ববিদ্যালয়ের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক জয়ন্ত পিন্টো বলেন, ‘এটা সরাসরি মৃত্যুর কারণ নয়। কিন্তু এটা একটা আভাস। খুব খারাপ কিছু, ক্ষতির প্রাথমিক সতর্কতা।’
গবেষকেরা দাবি করেন, এটি দ্রুত ও কম খরচে রোগীর মৃত্যুর সর্বোচ্চ ঝুঁকি চিহ্নিত করার একটি পন্থা।
ন্যাশনাল সোশ্যাল লাইফ, হেলথ অ্যান্ড এজিং প্রজেক্টের (এনএসএইচএপি) অংশ হিসেবে ৫৭-৮৫ বছর বয়সী তিন হাজার পাঁচজন নারী-পুরুষের মধ্যে ২০০৫-০৬ সালে প্রথম দফায় এই গবেষণা চালানো হয়।
পাঁচ বছরের ব্যবধানে ২০১০-১১ সালে দ্বিতীয় দফায় একই নমুনার ওপর গবেষণাটি চালান গবেষকেরা।