বরখাস্ত হতে পারেন জাপানি প্রতিরক্ষামন্ত্রী
জাপানের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসু ইচিকাওয়া মন্ত্রিসভা থেকে বরখাস্ত হতে পারেন। তাঁর বিরুদ্ধে একের পর এক হঠকারি কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। অসংলগ্ন আচরণ ও লাগামহীন কথাবার্তার কারণে সরকারের ভেতরেই তাঁকে নিয়ে রয়েছে নানা বিতর্ক। মন্ত্রী হওয়ার চার মাস যেতে না যেতেই তাঁকে নিয়ে হুইচই শুরু হয়েছে। গত নভেম্বরে সফররত ভুটানের রাজার সম্মানে আয়োজিত এক অনুষ্ঠান থেকে শিষ্টাচারবহির্ভূতভাবে চলে যান ইচিকাওয়া। এর পরিবর্তে রাজনৈতিক কার্যক্রমে অর্থ সংগ্রহের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন। পরে তিনি বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন ওই অনুষ্ঠানটি আরও বেশি গুরুত্বপূর্ণ ছিল। জাপানের আইনসভার উচ্চকক্ষের নিয়ন্ত্রণ বিরোধী দলের হাতে। বিরোধী দল শুরু থেকেই ইয়াসু ইচিকাওয়ার সমালোচনা করে আসছে। বন্ধ হচ্ছে পারমাণবিক চুল্লি: শিগগিরই বেশকিছু পারমাণবিক চুল্লি বন্ধ করবে জাপান। বন্ধের তালিকায় থাকবে দীর্ঘ ৪০ বছর ধরে একটানা চলেছে—এমন সব পারমাণবিক চুল্লি। সংস্কারের মাধ্যমে এসব চুল্লির নিরাপত্তাব্যবস্থা বাড়ানোর পর নতুন করে তা চালু করা হবে কি না তা জানা যায়নি। এএফপি।