দলের বিরুদ্ধে মুখ খুলে অবশেষে বরখাস্ত হলেন তৃণমূল কংগ্রেসের আইনপ্রণেতা ও রাজ্যসভার সদস্য কুণাল ঘোষ। আজ শনিবার এক সাংবাদ সম্মেলনে তৃণমূলের নেতা ও পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কুণালের বরখাস্তের বিষয়টি ঘোষণা করেন। তিনি বলেন, দলের বিরুদ্ধাচরণ করায় সাংসদ কুণাল ঘোষকে বরখাস্ত করা হলো। কুণাল দলের ভাবমূর্তি নষ্ট করেছেন। তাই দলের শৃঙ্খলা রক্ষা কমিটি তাঁকে বরখাস্তের সিদ্ধান্ত নেয়।
গত ২০ সেপ্টেম্বর কলকাতার একটি রক্তদান শিবিরে যোগ দিয়ে কুণাল ঘোষ দল ও দলনেত্রী মমতার কড়া সমালোচনা করেন। একই দিন আরও তিন সাংসদ সোমেন মিত্র, তাপস পাল এবং শতাব্দী রায়ও দলনেত্রীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। পরে সোমেন মিত্র বাদে তিনজনকে শোকজ করে তৃণমূল।
এদিকে বরখাস্তের ঘোষণা শুনে কুণাল ঘোষ বলেন, বিচারের আগে রায় ঘোষণা করা হলো। তিনি দলের তরফ থেকে কোনো শোকজ নোটিশ পাননি বলেও জানান।
এর আগে দলের বিরুদ্ধাচরণ করলেও সাংসদ কবীর সুমনকে বরখাস্ত না করে তাঁর সঙ্গে দূরত্ব বজায় রেখে চলেছে তৃণমূল। অন্যদিকে সাংসদ সোমেন মিত্রের স্ত্রী তৃণমূল বিধায়ক শিখা মিত্র দলের বিরুদ্ধে বিদ্রোহ করায় তাঁকেও দল থেকে বরখাস্ত করা হয়েছে।