বরুণ গান্ধী বিজেপির কেন্দ্রীয় কমিটির সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাজনীতিতে যেভাবে সোনিয়া-রাজীবতনয় রাহুল গান্ধী একটি পাকাপোক্ত আসনে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং উত্তর প্রদেশে কংগ্রেসের নৌকায় যেভাবে পাল তুলেছেন, তাতে অনেকটাই শঙ্কিত বিজেপি। বিজেপির ঘাঁটিতে যেভাবে আঘাত করছেন রাহুল, তাঁকে মোকাবিলা করার জন্যই এবার গান্ধী পরিবারের আরেক সদস্যকে রাহুলের বিরুদ্ধে মাঠে নামিয়েছে বিজেপি। তিনি হলেন রাজীব গান্ধীর ছোট ভাই সঞ্জয় গান্ধী ও মানেকা গান্ধীর একমাত্র পুত্রসন্তান বরুণ গান্ধী। বরুণ গান্ধীকে করা হয়েছে বিজেপির কেন্দ্রীয় কমিটির সম্পাদক। মূলত রাহুলকে ধাক্কা দেওয়ার জন্যই বিজেপির এ নিয়োগ। মঙ্গলবার বিজেপির ১২১ সদস্যের যে কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে, সেই কমিটিতে বরুণ গান্ধীকে রাখা হয়েছে একজন সম্পাদক হিসেবে। শুধু তা-ই নয়, বিজেপি বলিউড অভিনেত্রী হেমা মালিনীকে সহসভাপতি, অভিনেত্রী স্মৃতি ইরানী, কিরণ খের ও ক্রিকেটার নবজ্যোৎ সিং সিধুকে সম্পাদক করেছেন। বলিউড তারকা বিনোদ খান্নাকেও রেখেছে কেন্দ্রীয় কমিটিতে।