বরুণ-যামিনীর বিয়ে ৬ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ভারতের প্রখ্যাত গান্ধী-নেহরু পরিবারের সদস্য বরুণ গান্ধী। পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী বাঙালি ব্রাহ্মণ পরিবারের মেয়ে যামিনী রায় চৌধুরীকে বিয়ে করছেন তিনি। আগামী ৬ মার্চ এই বিয়ের ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এ কাজের জন্য বারানসির কাঞ্চি মঠকে বেছে নেওয়া হয়েছে।ভারতের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত ইন্ধিরা গান্ধীর কনিষ্ঠ পুত্র সঞ্জয় গান্ধীর একমাত্র সন্তান বরুণ গান্ধী। তিনি বিজেপির অন্যতম সম্পাদক ও পিলভিট এলাকা থেকে নির্বাচিত এমপি। বরুণের মা ও বিজেপির এমপি মানেকা গান্ধীর ঘনিষ্ঠ সূত্রের উদ্ধৃতি দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়, মানেকাপুত্রের বিয়ের ধর্মীয় আচার সম্পাদনের জন্য কাঞ্চির শংকরাচার্য স্বামী জয়েন্দ্র সরস্বতীকে অনুরোধ জানিয়েছেন।খবরে বলা হয়, বিয়ের স্থান হিসেবে বারানসির কাঞ্চি মঠ যামিনীর মায়ের পছন্দ। দীর্ঘদিন ধরে তিনি এ মঠে যাওয়া-আসা করছেন। যামিনীর সঙ্গে বরুণের বিয়েই হবে প্রায় এক শতকের মধ্যে নেহেরু-গান্ধী পরিবারের কোনো সদস্যের ব্রাহ্মণ পরিবারের কোনো মেয়েকে বিয়ে করার প্রথম ঘটনা। এর আগে ১৯১৬ সালে জওহরলাল নেহরু কাশ্মীরের ব্রাহ্মণ পরিবারের মেয়ে কমলা কাউরকে বিয়ে করেন।যামিনী হচ্ছেন ‘নেটওয়ার্ক ফর দ্য প্রোমোশন অব এশিয়ান সিনেমা’র প্রতিষ্ঠাতা সভাপতি ও চলচ্চিত্র সমালোচক অরুণা বাসুদেবের মেয়ে। যামিনী নয়াদিল্লির সেন্ট স্টিফেন কলেজ থেকে দর্শনে স্নাতক পাস করার পর প্যারিসে চারুকলা ও গ্রাফিকসে প্রফেশনাল কোর্স সম্পন্ন করেন। বাসস।