বর্ণবাদী ধর্মযাজক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৬৩ সালের ২৮ আগস্ট ওয়াশিংটন ডিসির লিঙ্কন মেমোরিয়ালে মার্টির লুথার কিং জুনিয়র বলেছিলেন ‘আমার স্বপ্ন—আমার চার শিশুসন্তান একদিন এমন একটি দেশে বসবাস করবে যেখানে তাদের গায়ের চামড়ার রং দিয়ে বিচার করা হবে না, বিচার করা হবে চারিত্রিক বৈশিষ্ট্য দিয়ে।’ কিন্তু তাঁর দেশ যুক্তরাষ্ট্র থেকে এখনো যে বর্ণবাদের অস্তিত্ব উঠে যায়নি তা আবারও প্রমাণ করলেন মিসিসিপি অঙ্গরাজ্যের এক ধর্মযাজক। শুধুমাত্র কৃষ্ণাঙ্গ হওয়ার কারণে এক যুগলের বিয়ে পড়াননি তিনি। এবিসি টেলিভিশন গত শনিবার এই তথ্য জানিয়েছে।ওই যাজকের নাম স্ট্যান ওয়েদারফোর্ড। তিনি মিসিসিপির ক্রিস্টাল সিপ্রংসে অবস্থিত একটি ব্যাপ্টিস্ট গির্জায় কর্মরত। এবিসির সহযোগী প্রতিষ্ঠান ডব্লিউএপিটি-টিভিকে বর চার্লস উইলসন বলেন, তিনি এবং তাঁর বাগদত্তা আন্দ্রেয়া উইলসন বিয়ের পর ওই গির্জার সদস্য হতে চেয়েছিলেন। ১০ জুলাই এ বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু যাজক বিয়ে না পড়ানোয় তারিখ পিছিয়ে সেই বিয়ে হয় ২১ জুলাই অন্য একটি গির্জায়। উইলসন বলেছেন, ‘আমাদের সঙ্গে আমাদের নয় বছর বয়সী মেয়েও গির্জায় যাচ্ছিল। আপনি কি আপনার নয় বছরের মেয়েকে বলতে পারবেন, ‘আমরা কালো, তাই আমরা বিয়ে করতে পারছি না?”’যাজক ওয়েদারফোর্ড আত্মপক্ষ সমর্থন করে বলেছেন, এ গির্জায় কখনো কোনো কৃষ্ণাঙ্গের বিয়ে হয়নি। তিনি বলেন, ‘তা ছাড়া কয়েকজন শ্বেতাঙ্গ জড়ো হয়ে এই বিয়ের বিরোধিতা করেন। এমনকি তাঁরা এ বিয়ে পড়ালে আমাকে গুলি করে হত্যার হুমকিও দেন।’ এ কারণে চাপে পড়ে তাঁকে এই বিয়ে পড়ানো থেকে বিরত থাকতে হয় বলে দাবি করেন যাজক। এএফপি।