বর্ধিত রেলভাড়ার প্রস্তাব প্রত্যাহার
ভারতের নতুন রেলমন্ত্রী মুকুল রায় বর্ধিত রেলভাড়ার প্রস্তাব প্রত্যাহারের কথা ঘোষণা করেছেন। পার্লামেন্টে গতকাল বৃহস্পতিবার রেল বাজেটের ওপর সমাপনী ভাষণে তিনি এ ঘোষণা দেন।তবে শীতাতপ নিয়ন্ত্রিত প্রথম শ্রেণীর বর্ধিত ভাড়া প্রত্যাহার করা হয়নি। গত ১৪ মার্চ রেল বাজেট পেশকালে ভাড়া বাড়ানোর ওই প্রস্তাব দেন তৃণমূল কংগ্রেস নেতা ও সাবেক রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদি। এতে প্রচণ্ড ক্ষুব্ধ হন দলটির প্রধান ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ওই দিনই ত্রিবেদিকে সরিয়ে দলের অপর নেতা মুকুল রায়কে রেলমন্ত্রী করার প্রস্তাব পাঠান প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে। এই পরিপ্রেক্ষিতে গত রোববার রাতে ত্রিবেদি পদত্যাগ করেন। সোমবার তাঁর স্থলাভিষিক্ত হন মুকুল রায়। এদিকে মমতাকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী গতকাল মুকুল রায় বর্ধিত ভাড়া প্রত্যাহারের ওই ঘোষণা দেন। এর আগে রেল বাজেটে সব লোকাল ট্রেনের ভাড়া কিলোমিটারপ্রতি দুই পয়সা, প্রথম শ্রেণীতে ৩০ পয়সা ও সাধারণ শ্রেণীতে পাঁচ পয়সা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়। প্ল্যাটফরমের টিকিট তিন রুপির স্থলে পাঁচ রুপি করার প্রস্তাব করা হয়।