বলিউড অভিনেতা শাম্মী কাপুর আর নেই
বলিউডের প্রখ্যাত অভিনেতা শাম্মী কাপুর আর নেই। গতকাল রোববার ভোরে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। শাম্মী কাপুর কিডনির সমস্যায় ভুগছিলেন। কয়েক বছর ধরে প্রতি সপ্তাহে তাঁর তিন থেকে চার দিন ডায়ালাইসিস করাতে হতো। তাঁর বুকেও সংক্রমণ ছিল। আজ সোমবার তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হওয়ার কথা। শাম্মী কাপুর স্ত্রী নীলা দেবী, ছেলে আদিত্য রাজ ও মেয়ে কাচন দেশাইকে রেখে গেছেন।১৯৩১ সালের ১১ অক্টোবর শাম্মী কাপুরের জন্ম। তিনি নাট্যকর্মী ও চলচ্চিত্রাভিনেতা পৃথ্বীরাজ কাপুরের দ্বিতীয় ছেলে এবং রাজ কাপুরের ছোট ভাই।পারিবারিক পরিচয় থাকা সত্ত্বেও চলচ্চিত্র জগতে প্রথম দিকে তেমন সফল হতে পারেননি শাম্মী কাপুর। যদিও তিনি সে সময় ‘রেল কা ডিব্বা’তে মধুবালা, ‘শাম্মা পরওয়ানা’তে সুরাইয়া এবং ‘হাম সব চোর হ্যায়’তে নলিনীর মতো বিখ্যাত সব অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন।প্রথম দিকে তাঁর সব ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। কিন্তু পঞ্চাশের দশকে তিনি তুমসা নাহি দেখা ছবির মধ্য দিয়ে নতুন করে নিজেকে তুলে ধরেন। এরপর আর তাঁকে পেছনে ফিরে তাকাতে হয়নি। এরপর ১৯৬১ সালে মুক্তি পায় শাম্মী কাপুর অভিনীত বিখ্যাত ছবি জংলি। আর নায়ক হিসেবে তাঁর অভিনীত শেষ ছবি আন্দাজ মুক্তি পায় ১৯৭১ সালে। সূত্র: এএফপি, বিবিসি।