বলিভিয়ার আদিবাসীদের বিক্ষোভ আবার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিভিয়ার আমাজনের ভেতর দিয়ে মহাসড়ক নির্মাণ পরিকল্পনার প্রতিবাদে আবারও আন্দোলন শুরু করেছে আমাজনের আদিবাসীরা। গত শনিবার কয়েক শ আদিবাসী রাজধানীর উদ্দেশে লংমার্চ শুরু করে। ইতিমধ্যে বলিভিয়ার প্রেসিডেন্ট মহাসড়ক নির্মাণের পরিকল্পনা বাতিল করেছেন।আন্দোলনকারীদের শীর্ষ নেতা রাফায়েল কুইসপে গত শনিবার বলেন, দেশটির রাজধানী লাপাজ থেকে প্রায় ৩০০ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলের কুইকুইবে শহর থেকে বিক্ষোভ শুরু করা হয়েছে। শত শত আদিবাসী বিক্ষোভকারী রাজধানীর দিকে যাচ্ছে।রাজধানীমুখী আদিবাসীদের একটি বিক্ষোভ গত ২৫ সেপ্টেম্বর দাঙ্গা পুলিশ ছত্রভঙ্গ করে দেয়। ওই ঘটনায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী সেসিলিয়া চাকোন পদত্যাগ করেন। ওই ঘটনাকে ‘ক্ষমার অযোগ্য’ উল্লেখ করে পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাচা লরেন্তি, অভিবাসন-প্রধান মারিয়া রেনে কুইরোগাও পদত্যাগ করেন।দেশটির প্রথম আদিবাসী প্রেসিডেন্ট ইভো মোরালেস গত সোমবার রাস্তা নির্মাণের ওই পরিকল্পনা বাতিল ঘোষণা করেন। এ ছাড়া পুলিশি নির্যাতনের ঘটনায় গত বুধবার প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন তিনি। কিন্তু শনিবার আবার বিক্ষোভ শুরুর পর মোরালেস বলেন, এ ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এএফপি।