বলিভিয়ায় পুলিশের ধর্মঘট মোকাবিলায় সেনা মোতায়েন
বলিভিয়ায় বেতন-ভাতা বাড়ানোর দাবিতে কয়েক দিন ধরে চলা পুলিশের ধর্মঘট মোকাবিলায় দেশটির সরকার সেনা মোতায়েন করেছে।সংকট নিরসনে গত শনিবার বলিভিয়ার সরকারের সঙ্গে ধর্মঘটী পুলিশ-সদস্যদের বৈঠক হলেও কোনো মীমাংসা ছাড়াই তা শেষ হয়। এর আগে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কার্লোস রোমেরোর সঙ্গেও পুলিশ-সদস্যদের দুটি বৈঠক কোনো সমঝোতা ছাড়া শেষ হয়। তবে রোমেরো দাবি করেন, অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। কিন্তু ধর্মঘটী পুলিশ-সদস্যদের নেতা এডগার রামোস বলেন, তাঁরা অল্পতেই সন্তুষ্ট হবেন না।বলিভিয়ার যোগাযোগমন্ত্রী আমান্দা দাভিলা দাবি করেন, ধর্মঘটে অংশ নেওয়া পুলিশ-সদস্যরা ঘটনাটিকে বিদ্রোহের রূপ দেওয়ার চেষ্টা করছে। তারা অস্ত্র মজুদ করছে এবং অন্যান্য ইউনিটকে বন্দুক হাতে নেওয়ার জন্য চাপ দিচ্ছে। এদিকে ধর্মঘটী পুলিশ-সদস্যরা দাবি করেছেন, বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেসকে উৎখাতের কোনো ইচ্ছাই তাঁদের নেই। তাঁরা কেবল বেতন-ভাতা বৃদ্ধির দাবি জানিয়েছে।প্রতি মাসে গড়ে ১৫০ থেকে ২০০ মার্কিন ডলার বেতনের পুলিশ কর্মকর্তারা তাঁদের পদমর্যাদার সৈনিকদের সমপরিমাণ বেতনের দাবি জানিয়েছেন। এর আগে চলতি বছর ৭ শতাংশ বেতন বাড়ানোর বিষয়ে সরকারের প্রস্তাব তাঁরা প্রত্যাখ্যান করেন। বিবিসি।