বসতি স্থাপন চললে আলোচনা নয়: পিএলও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম তীরে অধিকৃত ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপন চলতে থাকলে আর শান্তি আলোচনা নয়। মধ্যপ্রাচ্য শান্তি-প্রক্রিয়ার ভবিষ্যত্ নিয়ে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গতকাল শনিবার রামাল্লায় প্যালেস্টাইন লিবারেশন অরগানাইজেশনের (পিএলও) শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠক শেষে পিএলও এ কথা জানায়। ফিলিস্তিনি প্রেসিডেন্ট বলেছেন, এ ব্যাপারে আগামী শুক্রবার লিবিয়ায় আরব পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বৈঠকের পর মাহমুদ আব্বাসের একজন মুখপাত্র বলেছেন, মার্কিন মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে। পিএলওর নির্বাহী কমিটির জ্যেষ্ঠ কর্মকর্তা ইয়াসের আবেদ রাব্বো গতকাল রামাল্লায় বলেন, ইসরায়েল বসতি স্থাপন অব্যাহত রাখায় দেশটির সঙ্গে সরাসরি আলোচনা চালিয়ে যাওয়া সম্ভব নয়। তিনি বলেন, ‘নেতারা এ ব্যাপারটি নিশ্চিত করেছেন যে আলোচনা পুনরায় শুরু করতে বাস্তবিক কিছু পদক্ষেপ নিতে হবে, এর মধ্যে বসতি স্থাপন বন্ধ সবচেয়ে অগ্রগণ্য।’ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মাসখানেক আগে ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা পুনরায় শুরু হয়। কিন্তু পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপনের ১০ মাসের নিষেধাজ্ঞার মেয়াদ না বাড়ানোয় দুই পক্ষের আলোচনায় অনিশ্চয়তা দেখা দেয়। গত ৩০ সেপ্টেম্বর ওই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়।ইসায়েলি কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, তাঁরা নিষেধাজ্ঞার মেয়াদ আর বাড়াবে না।উল্লেখ্য, ১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের সময় অধিকৃত পশ্চিম তীরের ভূখণ্ডে ইসরায়েল ইহুদি বসতি স্থাপন অব্যাহত রেখেছে। এই বসতি স্থাপনকেই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে মূল বাধা বলে মনে করা হচ্ছে। এএফপি ও বিবিসি অনলাইন।