বসতি স্থাপন নয়, বাড়ি নির্মাণ!
ইসরায়েল পূর্ব জেরুজালেমের সঙ্গে লাগোয়া গিলো এলাকায় নতুন করে এক হাজার ১০০ বাড়ি নির্মাণ না করার আন্তর্জাতিক আবেদন নাকচ করেছে। তাদের দাবি, এটি নতুন করে বসতি স্থাপনের কোনো পরিকল্পনা নয়। গত বুধবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে একজন মুখপাত্র এ দাবি করেন। প্রধানমন্ত্রীর মুখপাত্র মার্ক রেগেভ বলেন, গিলো কোনো বসতি নয়, কোনো পর্যবেক্ষণ ফাঁড়িও নয়; জেরুজালেমের ভেতরেরই একটি গুরুত্বপূর্ণ এলাকা গিলো। শহরের প্রাণকেন্দ্র থেকে সেখানে যেতে মাত্র পাঁচ মিনিট লাগে। তিনি বলেন, ‘সেখানে আমাদের বাড়ি নির্মাণের সিদ্ধান্ত নিয়ে বিতর্কের অবকাশ নেই। আর এ সিদ্ধান্ত তো এখন পরিকল্পনা মাত্র। সরকার দুই দেশের মানুষের নীতির কথা বিবেচনা করেই শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চালাবে।’গত মঙ্গলবার ইসরায়েলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বাক্ষরের মাধ্যমে এই আবাসন পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়। তাদের এ সিদ্ধান্তের কড়া প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনিরা। ফিলিস্তিনের জনগণের সঙ্গে সুর মিলিয়ে এ সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য, চীন, ফ্রান্স ও যুক্তরাষ্ট্র। বুধবার মিসর, ইতালি ও রাশিয়াও এ সিদ্ধান্তের নিন্দা জানায়। মিসরের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আমর বলেন, ইসরায়েলের এ ধরনের পদক্ষেপে তাদের উসকানিমূলক নীতি অনুসরণ করে যাওয়ারই প্রতিফলন ঘটেছে। এএফপি।