ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস হুঁশিয়ার করে বলেছেন, ইসরায়েল বসতি স্থাপনের ওপর স্থগিতাদেশের মেয়াদ না বাড়ালে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে শুরু হওয়া শান্তি আলোচনা ভেঙে দেবেন তিনি। গত শনিবার রাতে লিবিয়ায় পিএলও কর্মীদের এ কথা বলেন তিনি। দীর্ঘ ২০ মাস পর গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে দুই নেতার মধ্যে সরাসরি শান্তি আলোচনা আবার শুরু হয়।আব্বাস বলেন, স্থগিতাদেশের মেয়াদ চলতি মাসের পর আর বাড়ানো না হলে কোনো সমঝোতা হবে না। আব্বাস জানান, বিষয়টি নেতানিয়াহুকে পরিষ্কার করে বলে দিয়েছেন তিনি। অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনের ওপর ইসরায়েল সরকারের জারি করা সাময়িক নিষেধাজ্ঞার মেয়াদ ২৬ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা। ফিলিস্তিনিরা শর্ত দিয়েছে, শান্তি আলোচনা সামনে এগিয়ে নিতে এই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াতে হবে। কিন্তু ইসরায়েল কর্তৃপক্ষ এই শর্ত মানতে নারাজ।এ ব্যাপারে ইসরায়েলে পররাষ্ট্রমন্ত্রী আভিগদোর লিবারম্যান ইসরায়েল রেডিওকে বলেন, বসতি স্থাপনে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর কোনো প্রস্তাব তোলা হলে তাঁর দল ওই প্রস্তাবের বিরোধিতা করবে। তিনি বলেন, ইসরায়েলের সরকার অবশ্যই ভোটারদের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবে।এদিকে মধ্যপ্রাচ্য সংকট সমাধানে প্রচলিত ধারার বাইরে বিকল্প কিছু বিবেচনার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। নেতানিয়াহু বলেন, ‘এবার সাফল্য পেতে গত ১৭ বছরের আলোচনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এবং একটি রাজনৈতিক সমাধানে পৌঁছাতে নতুন ধরনের উপায় খুঁজে বের করতে হবে।’ তিনি বলেন, ‘আমি মনে করি এটা সম্ভব এবং প্রতিবেশীদের সঙ্গে একটি ঐতিহাসিক সমঝোতায় পৌঁছাতে আমি আগ্রহী।’ টাইমস অব ইন্ডিয়া, পিটিআই অনলাইন।