বসনিয়ায় এক দশক পর ইইউর পুলিশ মিশন শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ এক দশক ধরে স্থানীয় পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ প্রদান এবং আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকে তত্ত্বাবধানের পর বসনিয়ায় গতকাল শনিবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পুলিশ মিশন শেষ হয়েছে। ১৯৯২-৯৫ যুদ্ধের পর এ বাহিনীগুলোর সহায়তায় যুদ্ধবিধ্বস্ত দেশটির ক্ষত ইতিমধ্যে অনেকটাই সারিয়ে তোলা সম্ভব হয়েছে।বলকান অঞ্চলের ছোট দেশ বসনিয়া চলতি বছর ইইউর সদস্যপদ পেতে আবেদন জানাতে পারে, এমন সম্ভাবনার মধ্যে ইউরোপীয় ইউনিয়ন পুলিশ মিশনের (ইইউপিএম) প্রায় ১৩০ সদস্যকে গতকাল প্রত্যাহার করে নেওয়া হলো। ইইউর সদস্যপদ পেতে বসনিয়া তার পশ্চিম বলকান অঞ্চলের প্রতিবেশীদের সঙ্গে অপেক্ষার সারিতে রয়েছে।বসনিয়ায় ২০০৩ সালে ইউরোপীয় ইউনিয়নের প্রথম পুলিশ মিশন ইইউপিএম মোতায়েন করা হয়। প্রাথমিকভাবে এর সদস্য ছিল প্রায় ৫০০ জন। পর্যায়ক্রমে তা প্রায় ১৩০ জনে নামিয়ে আনা হয়। জাতিসংঘ মিশনের পরিবর্তে ওই মিশনের মোতায়েন ছিল ইইউর জন্য এক পরীক্ষাস্বরূপ। এদিকে, দেশটি থেকে ইইউর পুলিশ মিশন সরিয়ে নেওয়া হলেও সেখানে একটি আন্তর্জাতিক প্রতিনিধিদল ও একটি শান্তিরক্ষা বাহিনী রয়ে যাচ্ছে। রয়টার্স।