বসনিয়ায় সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ
জাতিগত সংঘাতে দ্বিধাবিভক্ত বসনিয়ায় গতকাল রোববার সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ করা হয়েছে। জাতিগত দাঙ্গা সংঘটিত হওয়ার ১৫ বছর পরও রাজনৈতিক দলগুলো জনগণকে নিজ নিজ জাতিগোষ্ঠীর প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে। এ নির্বাচনের মাধ্যমে বসনিয়া ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে আসবে কি না, সে বিষয়টিও নির্ধারিত হবে।এ নির্বাচনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের একাধিক প্রেসিডেন্ট এবং আধা-স্বায়ত্তশাসিত দুটি অঞ্চলের নেতাদের নির্বাচিত করা হবে। আধা-স্বায়ত্তশাসিত দুটি অঞ্চল হলো রিপাবলিকান শ্রোপস্কা নামে পরিচিত সার্ব প্রজাতন্ত্র এবং মুসলিম ক্রোয়েট ফেডারেশন। ১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত সার্ব ও মুসলমানদের মধ্যে জাতিগত দাঙ্গার পর ডেটন চুক্তি অনুযায়ী বসনিয়াকে এই দুটি আধা-স্বায়ত্তশাসিত অঞ্চলে ভাগ করা হয়।এ নির্বাচনে মুসলমান, ক্রোয়েট ও সার্ব নেতারা নিজ নিজ প্রার্থীদের প্রতি তাঁদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। বসনিয়ার বিদায়ী প্রধানমন্ত্রী মিলোরাদ দোদিচ সার্ব প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি বলেছেন, তিনি সার্বদের জন্য লড়াই চালিয়ে যাবেন এবং সার্বদের ওপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ বাড়ানোর বিরোধিতা করবেন। ঠিক তাঁর মতোই অন্য দলের নেতারা তাঁদের এলাকার ওপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ বাড়ানোর বিপক্ষে অবস্থান নিয়েছেন। কর্মকর্তারা বলেছেন, এবার সেখানে মোট ভোটারের সংখ্যা ৩১ লাখ। সে দেশের সংবিধান অনুযায়ী সার্ব, ক্রোয়েট ও মুসলমানদের মধ্য থেকে তিনজনকে কেন্দ্রীয় সরকারের প্রেসিডেন্ট নির্বাচিত করা হবে। সরকারের মেয়াদ হবে চার বছর। প্রতি আট মাস পর পর পালাক্রমে নির্বাচিত তিনজন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। এই তিনজনের মধ্যে যিনি সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হবেন, তিনি সবার আগে দায়িত্ব নেবেন।এ ছাড়া সার্ব প্রজাতন্ত্র থেকে একজন প্রেসিডেন্ট এবং মুসলিম ক্রোয়েট ফেডারেশন থেকে আরও একজন করে প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। কেন্দ্রীয় ও আধা-স্বায়ত্তশাসিত এলাকা থেকে সব মিলিয়ে নির্বাচিত প্রেসিডেন্ট হবেন পাঁচজন। এ ছাড়া এ নির্বাচনে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হবেন ৭০০ জন। এএফপি।