বস্তি পরিদর্শনে আম আদমির মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বস্তি পরিদর্শন শেষে পরোটা খাচ্ছেন দিল্লির নগর উন্নয়নমন্ত্রী মনীষ সিসোদিয়া। ছবি: এনডিটিভি
বস্তি পরিদর্শন শেষে পরোটা খাচ্ছেন দিল্লির নগর উন্নয়নমন্ত্রী মনীষ সিসোদিয়া। ছবি: এনডিটিভি

দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টির নতুন নগর উন্নয়নমন্ত্রী মনীষ সিসোদিয়া গতকাল সোমবার রাতে হঠাত্ করে শহরের বিভিন্ন বস্তি পরিদর্শনে বের হন। এনডিটিভি জানিয়েছে, মধ্যরাতের একটু পরে মন্ত্রী মনীষ সিসোদিয়া বস্তি পরিদর্শনে বের হন। সিসোদেয়া এনডিটিভিকে বলেন, ‘আমি এখানে আপাতত কোনো সমস্যা দেখছি না। আমি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি এবং তারা বলেছে সবকিছু ঠিক আছে। পরিদর্শনের সময় মনীষ সিসোদিয়ার সঙ্গে ছিলেন আম আদমি পার্টির নেতা কুমার বিশ্বাস ও সঞ্জয় সিং।’

গতকাল সোমবার দিল্লির তাপমাত্রা ছিল ২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা গত ১৮ বছরের মধ্যে ছিল সবচেয়ে কম। সিসোদিয়া বলেন, তিনি বস্তিবাসীদের কাছে তাদের অবস্থার কথা জানতে চেয়েছিলেন। বস্তির পানি সমস্যার সমাধানের জন্য উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

সংবাদমাধ্যমগুলোকে মনীষ আরও বলেন, অনেক বস্তিবাসী পুলিশি হয়রানির নালিশ করেছে। এ ব্যাপারে তিনি পুলিশ কমিশনারের সঙ্গে আগামীকাল আলাপ করবেন বলে জানিয়েছেন।

পরিদর্শনের পর আম আদমি পার্টির নেতাদেরকে শিভাজি স্টেডিয়ামের পাশে পরটা খেতে দেখা যায়। এই সম্পর্কে সিসোদিয়া বলেন, তাঁরা রাস্তা থেকে উঠে এসেছেন, তাই পথের পাশের দোকান থেকে খেতে কোনো সমস্যা নেই।

নগর উন্নয়নমন্ত্রী মনীষ সিসোদিয়ার সঙ্গে পরিদর্শনে আসা আম আদমি পার্টির নেতা কুমার বিশ্বাস আসন্ন নির্বাচনে উত্তর প্রদেশের আমেথি আসনে  কংগ্রেস নেতা রাহুর গান্ধীর বিরুদ্ধে দাঁড়াচ্ছেন। কুমার বিশ্বাস বলেন, মন্ত্রী ও দলের কর্মীদের খিদে লাগায় তাঁরা রাস্তার পাশের দোকান থেকে পরোটা খেয়েছেন।

আজ সকালে আম আদমি পার্টির নেতা ও সমাজকল্যাণমন্ত্রী রাখি বিরলা অটোরিকশায় মন্ত্রণালয়ে যান। আরেক নেতা সোমনাথ ভারতী মেট্রো রেলে চড়ে কাজে গেছেন।