বস্তিবাসী নিয়ে নতুন অস্বস্তিতে মমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন অস্বস্তির মধ্যে পড়লেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের অস্বস্তির কারণ কলকাতার বস্তিবাসী আর ফুটপাতের হকার। মমতা চাইছেন কলকাতাকে ঢেলে সাজাতে। ভারতের একসময়ের রাজধানী কলকাতাকে নাকি লন্ডন বানাতে চান তিনি। সে জন্য ফুটপাতের হকার এবং বস্তি উচ্ছেদ না করে উপায় নেই। কিন্তু কলকাতা ও আশপাশের হাওড়ার বস্তি আর হকার উচ্ছেদ করতে গিয়ে প্রতিনিয়ত বাধার সম্মুখীন হচ্ছে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ কারণে উচ্ছেদ অভিযান ব্যাহত হচ্ছে।রাজ্যসরকার নাছোড়বান্দা। ধীরে ধীরে বস্তি উচ্ছেদ করে মহানগর কলকাতাকে সুন্দর করে তোলার প্রত্যয় থেকে নড়ছে না তারা। মুখ্যমন্ত্রী মমতা ঘোষণা দিয়েছেন, তিন বছরের মধ্যে আর কেউ ভূমিহীন থাকবে না এ রাজ্যে। সবাইকে প্লট দেওয়া হবে। কিন্তু এ কথায় আশ্বস্ত হতে পারছেন না বস্তিবাসী বা হকাররা।২০০১ সালের জনগণনা অনুযায়ী, কলকাতায় বস্তিবাসী ১৫ লাখ। হাওড়ায় রয়েছে পাঁচ লাখ। এত দিনে তা অবশ্যই আরও বেশ বেড়ে গেছে। জনগণনা প্রতিবেদন অনুযায়ী, কলকাতায় রয়েছে অনিবন্ধিত অন্তত সাড়ে তিন হাজার বস্তি। নগরে সবচেয়ে বেশি বস্তিবাসীর বাস মেটিয়াবুরুজ, রাজাবাজার, নারকেলডাঙ্গা, শিয়ালদহ, বেকবাগান, তিলজলা, তপশিয়া অঞ্চলে। বাইপাসের বিস্তীর্ণ এলাকা আর রেললাইনের পাশ ধরেও রয়েছে অনেক বস্তি।কলকাতায় ১৫০ বছরের পুরোনো বস্তিও আছে। আছে ভারত ভাগের পর আসা উদ্বাস্তুদের গড়ে তোলা বস্তি। ১৯৪০ থেকে ৫০ সালের মধ্যে গ্রামাঞ্চল থেকে কলকারখানার কাজের জন্য কলকাতায় আসা অসংখ্য শ্রমিকের ঠাঁই হয়েছিল বিভিন্ন বস্তিতেই। বিপুলসংখ্যক বস্তি কলকাতার গায়ে কলঙ্কচিহ্নের মতো। বস্তির কারণে নষ্ট হচ্ছে পরিবেশ। তাই মমতা সুন্দর শহর গড়ার মিশন নিয়ে নেমে পড়েছেন হকার এবং বস্তি উচ্ছেদ অভিযানে। কিন্তু অধিকাংশ বস্তি ও হকারদের অসহযোগিতা তাঁর জন্য বিব্রতকর পরিস্থিতির তৈরি করেছে। বুদ্ধিজীবী মহলসহ অনেকেই প্রতিবাদমুখর হয়েছেন।মমতা আগে বারবার ঘোষণা দিয়েছেন, হকারদের পুনর্বাসন না করে উচ্ছেদ করা হবে না। কিন্তু এবার পুনর্বাসনের আগেই উচ্ছেদ করা হচ্ছে হকার ও বস্তিবাসীদের। অথচ আগের বাম জমানায় উচ্ছেদ অভিযান হলে মমতা এগিয়ে আসতেন বস্তিবাসীর পক্ষে। যোগ দিয়েছিলেন বস্তিবাসীদের ভুখা মিছিলে।মমতা ক্ষমতা গ্রহণের কিছুদিন পরই তাঁর ‘পরিচ্ছন্নতা অভিযান’ শুরু করেন। গত বছরের অক্টোবর মাসে হাওড়ার মঙ্গলাহাটের পাইকারি বাজারের পাঁচ হাজার ফুটপাতের ব্যবসায়ীকে উচ্ছেদ করা হয়। এরপর নভেম্বর মাসে কলকাতার শিয়ালদহের বিগবাজার চত্বর থেকে উচ্ছেদ হন ফুটপাতের ৪০০ ব্যবসায়ী। এ বছরের জানুয়ারি মাসে কলকাতার পিজি হাসপাতালের সামনের হকারদের উচ্ছেদ করা হয়। ফেব্রুয়ারি মাসে হাওড়ার ময়দান চত্বর থেকে উচ্ছেদ করা হয় ২৬৫ জন ব্যবসায়ীকে। এরপর উচ্ছেদ অভিযান চলেছে কলকাতার বাইপাস এলাকা ও রবীন্দ্র সদনের উল্টোদিকে। সরকারের বস্তি উচ্ছেদ কার্যক্রম নিয়ে কয়েকবার অপ্রীতিকর ঘটনা ঘটেছে। বস্তিবাসীর সঙ্গে পুলিশ ও উচ্ছেদকর্মীদের ধাওয়া-ধাওয়ি হয়েছে। এ ছাড়া বস্তিবাসী ও মানবাধিকার সংগঠনের প্রতিবাদ মিছিলের সময় পুলিশ-মিছিলকারী সংঘর্ষ ঘটেছে। চলেছে পুলিশের লাঠিপেটা ও গ্রেপ্তার। বৃহত্তর কলকাতার বাইপাস-সংলগ্ন নোনাডাঙ্গা বস্তি উচ্ছেদের প্রতিবাদে ১২ এপ্রিল মানবাধিকার সংগঠন এপিডিআর কয়েকটি গণসংগঠনকে নিয়ে বিক্ষোভ মিছিল করার চেষ্টা করলে তাদের ওপর হামলা হয়। এপিডিআরের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের একদল সমর্থক পুলিশের ছত্রছায়ায় অতর্কিতে মিছিলের জন্য সমবেত লোকজনের ওপর হামলা চালায়। পুলিশ প্রতিবাদকারীদের মারধর করা ছাড়াও কয়েকজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে। নোনাডাঙ্গার বস্তিবাসীদের পুনর্বাসনের দাবিতে এই মিছিলের আয়োজন করে এপিডিআর। এর আগে ৯ এপ্রিলও উচ্ছেদের প্রতিবাদে এপিডিআরের বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। রাজনৈতিক দল কংগ্রেস ও বিজেপি ছাড়াও মিছিলে হামলার প্রতিবাদ করেছেন বিশিষ্ট বুদ্ধিজীবীরা। এ ছাড়া নোনাডাঙ্গায় বস্তি উচ্ছেদের প্রতিবাদে ১১ এপ্রিল থেকে এক নারীসহ আটজন বস্তিবাসী অনশন করছেন। এসব প্রতিবাদ কর্মসূচি উপেক্ষা করে কত দিন মমতার বস্তি উচ্ছেদ অব্যাহত থাকে সেটাই এখন দেখার।