বহু সংস্কৃতির সমাজ গঠনের চেষ্টা ব্যর্থ হয়েছে: মেরকেল
জার্মানিকে বহু সংস্কৃতির দেশ হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। তিনি বলেন, জার্মানিতে বিভিন্ন সংস্কৃতির মানুষের ‘সহাবস্থান’ ও সুখে-শান্তিতে বসবাসের কথিত যে ‘বহু সংস্কৃতির রূপকল্প’ গ্রহণ করা হয়েছিল, তা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ক্ষমতাসীন রক্ষণশীল দল ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটস ইউনিয়নের (সিডিইউ) তরুণ সদস্যদের এক সমাবেশে মেরকেল এসব কথা বলেন। গত শনিবার এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মেরকেল বলেন, ‘জার্মানিতে কাজ করার জন্য ষাটের দশকের শুরুতে বিদেশি শ্রমিকদের আহ্বান জানানো হয়েছিল। সেসব শ্রমিক এখনো জার্মানিতে থাকলেও তাঁরা এ দেশের সংস্কৃতির সঙ্গে একাত্ম হতে পারেননি। আমরা সাধারণত বলে বেড়াই যে, অভিবাসীরা এ দেশে থাকবেন না, একদিন না-একদিন চলে যাবেনই। কিন্তু এটা ঠিক নয়, বাস্তবতা ভিন্ন।’ চ্যান্সেলর বলেন, তিনি অভিবাসী শ্রমিকদের জার্মান ভাষা শেখাসহ এ দেশের সমাজের রীতিনীতি মেনে চলার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি এও বলেন, ‘যাঁরা জার্মান ভাষা জানেন না তাঁরা জার্মানিতে ঢুকতে বা থাকতে পারবেন না—এমন ভাবমূর্তি বাইরের বিশ্বে সৃষ্টি করা উচিত হবে না। এটা করা হলে তাতে আমাদের দেশেরই বরং ব্যাপক ক্ষতি হবে।’ মেরকেল তাঁর বক্তব্যে সে দেশের প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান ভুল্ফের করা সাম্প্রতিক এক মন্তব্যের কথাও উল্লেখ করেন। ভুল্ফ বলেছিলেন, খ্রিষ্টান ও ইহুদিদের মতো মুসলমানেরাও জার্মানির অংশ। তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তায়িপ এরদোগানের সঙ্গে জার্মানির দুর্বল অভিবাসন-প্রক্রিয়া নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকের সপ্তাহ খানেকের মাথায় মেরকেল এসব কথা বললেন। ওই বৈঠকে দুই নেতাই জার্মানিতে ২৫ লাখ তুর্কি অভিবাসীর দুর্বল নিবন্ধন-প্রক্রিয়ার উন্নতির অঙ্গীকার করেন। এর আগে জার্মানির ক্ষমতাসীন দলের অঙ্গসংগঠন সিএসইউয়ের নেতা হর্স্ট সিহোফার অভিবাসন ইস্যুতে মেরকেলের মতো একই মন্তব্য করেন। জার্মানির ‘বহু সংস্কৃতি’র স্বপ্ন মরে গেছে বলে তিনি উল্লেখ করেন। জার্মানির কেন্দ্রীয় ব্যাংকের সাবেক কর্মকর্তা থিলো সারাজিন জার্মান সমাজে বুদ্ধিবৃত্তিক চর্চা কমে যাওয়ার জন্য মুসলমানদের অভিযুক্ত করেন। সম্প্রতি এক জরিপে দেখা গেছে, ৩০ শতাংশেরও বেশি জার্মান নাগরিক মনে করেন, বিদেশিরা তাঁদের দেশ দখল করে ফেলেছে। জরিপে আরও দেখা গেছে, এক কোটি ৬০ লাখ অভিবাসী সামাজিক সুবিধার জন্য জার্মানিতে গেছে। বিবিসি ও রয়টার্স।